রায়পুরে ১০ স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার প্রত্যেক ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে। কিন্তু লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে দুটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং আটটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে কোনো চিকিৎসক নেই। প্রতিটি কেন্দ্রে একজন করে চিকিৎসক থাকার কথা।
তিন মাস থেকে তিন বছর পর্যন্ত এ পদগুলো খালি পড়ে আছে। চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এ কারণে উপজেলা সদরে ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের অতিরিক্ত চাপ পড়ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, উপজেলার হায়দারগঞ্জ ও সাইচা উপস্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিৎসকের পদ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদ দুটি খালি। তা ছাড়া চরপাতা, কেরোয়া, সোনাপুর, চরমোহনা, উত্তর চর বংশী, দক্ষিণ চর বংশী, রায়পুর ও উত্তর চর আবাবিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রে একজন করে চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে সোনাপুর বাদে সবগুলো কেন্দ্রে দুই থেকে তিন বছর ধরে কোনো চিকিৎসক নেই।
চর বংশী গ্রামের রাবেয়া খাতুন (৫৫) ও দক্ষিণ চর বংশী গ্রামের নূর হোসেন (৭০) জানান, জ্বরে আক্রান্ত হয়ে সম্প্রতি তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে যান। দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও কাউকে না পেয়ে সেখান থেকে চলে আসেন।
রাবেয়া ও নূর হোসেন জানান, প্রায় ২৫ কিলোমিটার দূরত্বে উপজেলা শহরে গিয়ে তাঁদের পক্ষে চিকিৎসককে দেখানো সম্ভব নয়। তাই গ্রাম্য চিকিৎসকের কাছে যাওয়ার কথা ভাবছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাবেয়া ও নূর হোসেনের মতো উপজেলার ১০টি ইউনিয়নের হাজারও মানুষ প্রতিদিন তৃণমূলের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পরে তাঁরা বাধ্য হয়ে গ্রাম্য হাতুড়ে চিকিৎসক, নয়তো কবিরাজের দ্বারস্থ হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা খালেদ আহমদ প্রথম আলোকে বলেন, দুটি উপস্বাস্থ্যকেন্দ্র ও আটটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে চিকিৎসকের পদ শূন্য। প্রতি মাসেই বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।