রায়পুরে ১১৫ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের জন্য ২ কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১৫টি। এসব বিদ্যালয় পরিদর্শনের জন্য ছয়টি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (এটিও) পদ রয়েছে। এ পদে বর্তমানে তিনজন কর্মরত থাকলেও একজন শিক্ষা কর্মকর্তার দায়িত্বে আছেন। অন্য দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা প্রতিদিন একটি বিদ্যালয় পরিদর্শন করলে সবগুলো বিদ্যালয় পরিদর্শন শেষ করতে ৫৫ কার্যদিবসের প্রয়োজন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও ১৫টি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ বিদ্যালয়গুলোতে ৩৪ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত। বিদ্যালয়গুলো পরিদর্শনের জন্য ছয়টি সহকারী শিক্ষা কর্মকর্তার পদ আছে। কিন্তু দীর্ঘ দুই বছর ধরে কর্মরত আছেন মাত্র দুজন কর্মকর্তা। রায়পুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয় থেকে আট বছর আগে অবসর নেন ছৈয়দ আহামঞ্চদ। তিনি জানান, তাঁরা যখন শিক্ষকতা করতে তখন সহকারী শিক্ষা কর্মকর্তাদের নিয়ে আতঙ্কে থাকতেন। কারণ এটিওরা যখন-তখন বিদ্যালয়ে এসে বিভিন্ন অনিয়ম খুঁজে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। এ জন্য শিক্ষকেরা বিদ্যালয়ে যথাসময়ে আসাসহ পাঠদানে মনোযোগী ছিলেন। আর এখন নাকি এটিওরা বিদ্যালয়ে আসেন কালেভদ্রে।নাম প্রকাশ না করা শর্তে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জানান, তাঁর বিদ্যালয়ে প্রায় দিনই শিক্ষকেরা এক থেকে দেড় ঘণ্টা দেরি করে আসেন। অনেক সময় শিক্ষকেরা লাইব্রেরিতে বসে আড্ডা মারেন। ছাত্রছাত্রীরা মাঠে খেলাধুলা করে। এ নিয়ে তিনি শিক্ষকদের সঙ্গে অনেক বাগিবতণ্ডা করলেও কাজের কাজ কিছুই হয়নি। তবে তিনি অনুসন্ধান করে জেনেছেন, গ্রামের বিদ্যালয়গুলোতে আগের মতো মনিটরিং-ব্যবস্থা নেই। এ কারণে বর্তমানে এ অবস্থার সৃষ্টি হয়েছে। রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব বলেন, বিদ্যালয়ের তুলনায় এমনিতেই এটিওর পদ অনেক কম। তার ওপর আবার নেই। বিদ্যালয়ে যত বেশি তদারকি হবে, তত বেশি সুফল বাড়বে। তদারকি থাকলে শিক্ষার মান বাড়ে। এ জন্য বিদ্যালয়গুলোর মনিটরিং-ব্যবস্থা জোরদার করতে হবে। কয়েকজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জানান, পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া অনেক ছাত্রছাত্রী অঙ্ক ও ইংরেজিতে কাঁচা। অনেকে আবার নিজের নাম পর্যন্ত ইংরেজিতে লিখতে পারে না। এতে তাদের ভীষণ বেগ পেতে হয়। এ জন্য তৃণমূল পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা উচিত। উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘প্রায় এক বছর আগে উপজেলা শিক্ষা কর্মকর্তা অন্যত্র বদলি হয়ে গেছেন। এখন দায়িত্বটি আমাকে পালন করতে হচ্ছে। এ জন্য প্রশাসনিক কার্যক্রমেই সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়।