রায়পুরে ১৭ দিন পর স্কুলটির তালা খুলল
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী মডেল স্কুলে ঝোলানো তালা ১৭ দিন পর গতকাল বুধবার খোলা হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় একটি দলকে জয়ী ঘোষণার ঘটনাকে কেন্দ্র করে ১৪ মার্চ উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান ও তাঁর অনুসারীরা স্কুলটিতে তালা দিয়ে দেন।
ওই ঘটনার পর এ বিষয়ে প্রথম আলোসহ কয়েকটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়।
বিষয়টি জানার পর গত মঙ্গলবার রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার বিদ্যালয়টির তালা খুলে দিতে নির্দেশ দেন। তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে মঙ্গলবার সমঝোতা বৈঠক করা হয়। বৈঠকে বিদ্যালয়ের তালা খুলে দিতে বলা হয়েছে।
বিদ্যালয় সূত্র জানায়, ১৪ মার্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা হয়। এতে জয়ী দল ঘোষণা নিয়ে হট্টগোল হয়। একপর্যায়ে চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান ও তাঁর অনুসারীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। বিদ্যালয়টিতে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। সেখানে ৪৭০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করেন। বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েন।