রায়পুরে ১৭ স্থায়ী কমিটি ফাইলবন্দী উন্নয়ন ব্যাহত
উপজেলা পরিষদে দুই ভাইস চেয়ারম্যানকে সভাপতি করে ১৭টি স্থায়ী কমিটি গঠনের নিয়ম রয়েছে। এ কমিটির এক বছরে ৬৮টি সভা করার কথা। কিন্তু এ সময়ের মধ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১৭টি স্থায়ী কমিটির একটিরও সভা করা হয়নি। এতে উপজেলার উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। বর্তমান পরিষদ আরও কয়েক মাস দায়িত্বে থাকবে বলে জানা গেছে।
স্থায়ী কমিটির কোনো সভা না হওয়ার বিষয়টি লক্ষ্মীপুর জেলা প্রশাসককে ২৯ জানুয়ারি এক প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একাধিকবার চিঠি দেওয়ার পর গত নভেম্বর মাসে স্থায়ী কমিটিগুলো গঠন করা হয়।
কয়েকজন ইউপি চেয়ারম্যান বলেন, কাগজে-কলমে করা স্থায়ী কমিটি ফাইলবন্দী করে রাখা হয়েছে। কমিটির কার্যক্রম না থাকায় সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা কমে যাবে—এমন আশঙ্কায় কৌশলে কমিটির কর্যক্রম বন্ধ রাখা হয়। তা ছাড়া তদারকি না থাকায় কর্মকর্তারা তাঁদের ইচ্ছেমতো কাজকর্ম করেন। এতে সরকারের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। জনগণ বঞ্চিত হচ্ছে সেবা থেকে।
উপজেলা পরিষদের আইন অনুযায়ী, উপজেলার সার্বিক উন্নয়নের জন্য প্রতিটি উপজেলায় ১৭টি স্থায়ী কমিটি গঠন করতে হয়। কমিটিগুলো হচ্ছে: আইনশৃঙ্খলা; যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন; কৃষি ও সেচ; মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা; স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা; যুব ও ক্রীড়া উন্নয়ন; মহিলা ও শিশু উন্নয়ন; সমাজকল্যাণ; মুক্তিযোদ্ধা; মৎস্য ও প্রাণিসম্পদ; পল্লী উন্নয়ন ও সমবায়; সংস্কৃতি; পরিবেশ ও বন; বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ; অর্থ, বাজেট, পরিকল্পনা ও স্থায়ী সম্পদ আহরণ এবং জনস্বাস্থ্য, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ।
পুরুষ ভাইস চেয়ারম্যান ১১টির সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান ছয়টি কমিটির সভাপতি। আর সদস্যসচিব হবেন উপজেলায় কর্মরত সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা।
ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সদস্যসচিব। তাঁরা আমাদের সঙ্গে আলোচনা করে সভা আহ্বান করবেন। কিন্তু কোনো কর্মকর্তা সভা আহ্বান করছেন না।
জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম জোবায়েদ ও মৎস কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, স্থায়ী কমিটি গঠনের বিষয়টি তাঁরা জানেন না। এ-সংক্রান্ত কোনো চিঠিও পাননি। এ জন্য কোনো সভা আহ্বান করা হয়নি।