রায়পুরে ২০ একর জমি ঘরবাড়ি মেঘনার পেটে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাছিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর ভাঙন হঠাৎ করে ভয়াবহ রূপ নিয়েছে। গত এক মাসে গ্রামের প্রায় ২০ একর জমি ও অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বেড়িবাঁধে ঝুপড়ি ঘর তুলে বা আশপাশের চরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। গত সোমবার চরকাছিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, নদী ভাঙতে ভাঙতে এখন চাঁদপুর সেচ প্রকল্পের হাজিমারা স্লুইসগেট থেকে ৩০০ গজ দূরে চলে এসেছে। এলাকাবাসী জানায়, জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকাতে না পারলে চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাঁধসহ স্লুইসগেটটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।বেড়িবাঁধে আশ্রয় নেওয়া অশীতিপর হাবিবুর রহমান বলেন, ‘নদী আঁর বেক লই গেছে, বেড়িবাঁধেরে ঢালের ঝুপড়িতেই আঁর বাস।’ হাবিবুর রহমানের মতো সব হারিয়ে অর্ধশতাধিক পরিবার বেড়িবাঁধ ও আশপাশের চরে আশ্রয় নিয়েছে।এলাকাবাসী জানায়, গ্রামের হাবিব উল্যা, আবদুল রশিদ মাল, আক্কাছ হাওলাদার, হাসমত আলী দেওয়ান, জাকির দেওয়ানসহ অর্ধশতাধিক লোকের ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা মুঠোফোনে বলেন, জরুরি ভিত্তিতে মেঘনার ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পুরো গ্রাম বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অব্যাহত ভাঙনের কারণে অর্ধশতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে এখন নিঃস্ব। এ ছাড়া চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাঁধটি ভাঙনের হুমকির মুখে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপাল চন্দ্র দাস বলেন, চরকাছিয়া গ্রামে নদীভাঙন রোধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হওয়ার পর ভাঙন ঠেকানো যাবে।