লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এসএসসির ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত ফি এক হাজার ২৫০ টাকা। অথচ বিদ্যালয়গুলো তিন থেকে পাঁচ হাজার টাকা করে আদায় করছে। ২২ নভেম্বর বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের শেষ দিন।মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে। ফরম পূরণের জন্য বোর্ড ফি নির্ধারণ করে দেয় এক হাজার ২৫০ টাকা। এ জন্য শিক্ষা অফিস থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে চিঠি দিয়ে অতিরিক্ত ফি না নিতে নির্দেশ দেওয়া হয়।বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অধিকাংশ বিদ্যালয় কর্তৃপক্ষ তিন থেকে পাঁচ হাজার টাকা ফি নির্ধারণ করে। ১৩ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল। ধার্য টাকা দিতে না পেরে প্রায় ২০০ শিক্ষার্থী এখনো ফরম পূরণ করতে পারেনি। এ জন্য বিলম্ব ফি ১০০ টাকা দিয়ে ওইসব শিক্ষার্থীর জন্য ২২ নভেম্বর শেষ সময় নির্ধারণ করা হয়। অভিভাবক জহির উদ্দিন জানান, তাঁর মেয়ে আজিজীয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী। অতিরিক্ত ফি নির্ধারণ করায় সে ফরম পূরণ করতে পারেনি। এতে তাঁর মেয়ের পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়ে। অভিভাবক কামরুল হাসান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পূরণে তিন থেকে চার গুণ বেশি টাকা ধার্য করে। এতে অনেক শিক্ষার্থী এখনো ফরম পূরণ করতে পারেনি।এস এম আজিজীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোচলেহ উদ্দিন বলেন, সরকার নির্ধারিত ফি-ই নেওয়া হচ্ছে। অতিরিক্ত কোনো টাকা নেওয়া হচ্ছে না। তবে কোচিংসহ অন্যান্য খরচের জন্য পরে কিছু টাকা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, বোর্ড ফির বাইরে কোনো অর্থ না নেওয়ার জন্য শিক্ষকদের চিঠি ও মিটিং করে বলা হয়েছে। এর পরও অতিরিক্ত অর্থ নিলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।