রায়পুরের চরাঞ্চলে এক হাজার একর জমির ফসল নষ্ট
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চারটি চরের প্রায় এক হাজার একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এক সপ্তাহ ধরে মেঘনা নদীতে এ জোয়ার অব্যাহত রয়েছে। ফলে কৃষকের বিপুল পরিমাণ টাকার সয়াবিন ও মরিচ ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মেঘনা নদী এলাকায় চরঘাসিয়া, চরকাছিয়া, চরজালিয়া ও চরকানিবগায় সয়াবিন ও মরিচ চাষ করা হয়। গত ২০ মার্চ হঠাৎ মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার দেখা যায়। এতে ৪৭৫ একর জমির সয়াবিন ও ২২৫ একর জমির মরিচ পানিতে তলিয়ে যায়। প্রতিদিন দুবার এ জোয়ার আসে। জোয়ারের পানি স্থায়ী হয় দুই থেকে তিন ঘণ্টা। এতে ফসলগুলো নষ্ট হয়ে যায়। চরঘাসিয়ার কৃষক রফিকুল ইসলাম ও চরকাছিয়ার কৃষক আবদুল হান্নান জানান, তাঁরা গত ২০ বছর ধরে মেঘনা নদী এলাকার চরে সয়াবিন ও মরিচ চাষ করেন। এবারের মতো অস্বাভাবিক জোয়ার আর কখনো দেখেননি। হঠাৎ তেড়ে আসা জোয়ারে জমির ফসল নষ্ট হয়ে গেছে। ধারদেনা করে আবাদ করা এ ফসল চোখের সামনে নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। চরগুলোর প্রায় এক হাজার একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। রায়পুর কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. আলমগীর বাবুল প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ মেঘনার জোয়ারে চরের কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এলাকা পরিদর্শন করেছেন। তা ছাড়া কৃষকদের আমরা নানাভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।’