রায়পুরের ছয় চরে আশ্রয়কেন্দ্র নেই
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ছয়টি চরে আশ্রয়কেন্দ্র নেই। এতে চরে বসবাসকারী ১০ হাজার মানুষ ঝুঁকিতে আছে।জানা যায়, দক্ষিণ চরবংশী ইউনিয়নের কানিবগার চর, চরকাছিয়া, টুনুরচর, উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া, চরজালিয়া ও চরইন্দুরিয়া আশ্রয়কেন্দ্র নেই। এ চরের বাসিন্দাদের দুর্যোগের সময় নদী পার হয়ে ছয়-সাত কিলোমিটার দূরে আশ্রয়কেন্দ্রে যেতে হয়। নদী পার হওয়ার ঝক্কি-ঝামেলা ও দূরে হওয়ার কারণে ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকে চরেই থেকে যান। দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার বলেন, নদীতে জেগে ওঠা চরগুলোতে কমপক্ষে ১০ হাজার মানুষ বসবাস করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নজরুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে চরে আশ্রয়কেন্দ্র নির্মাণ করলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা থাকবে না। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েক বছর আগে একাধিক চিঠি পাঠানো হয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলাল চন্দ্র সূত্রধর জানান, চরের মানুষকে আশ্রয় দিতে ১১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক বিষয়ে তদারক করার জন্য নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।