
লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা নির্বাচনে ‘তাহের আতঙ্কে’ ভুগছেন ভোটার ও রাজনৈতিক কর্মীরা। ভায়রা ভাইকে জেতাতে ঘন ঘন রায়পুরে আসা ও প্রার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নির্বাচনের তারিখ যতই কাছে আসছে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ততই বাড়ছে রায়পুরে।
লক্ষ্মীপুরের ‘সন্ত্রাসের গডফাদার’ হিসেবে পরিচিত পৌর মেয়র আবু তাহের তাঁর ভায়রা ভাইকে জেতানোর পাশাপাশি লক্ষ্মীপুর সদরের আশপাশের এলাকায়ও নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে রায়পুরকে লক্ষ্য করে মাঠে নেমেছেন বলে স্থানীয় লোকজন বলছেন।
তাহেরের স্ত্রী নাজমা বেগমের ছোট বোনের স্বামী ইসমাইল খোকন রায়পুর পৌরসভা নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে লড়ছেন। তিনি রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এখানে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র এ বি এম জিলানী। তিনি পৌর বিএনপির সভাপতি এবং ১২ বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করছেন। সরকারের শরিক জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে নির্বাচনে আছেন চৌধুরী আবদুল ওয়াদুদ মৃধ্যা। ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন হাতপাখা প্রতীক এবং মাইনুল হোসেন ‘ডামি’ প্রার্থী হিসেবে কম্পিউটার প্রতীকে নির্বাচনের মাঠে আছেন।
স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ ডিসেম্বর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পরদিন থেকে এ পর্যন্ত একাধিকবার রায়পুরে এসেছেন লক্ষ্মীপুরের মেয়র আবু তাহের। প্রতিবারই এক-দুই দিন রায়পুরে অবস্থান করে দলীয় নেতা-কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক করেছেন। কাউন্সিলর পদে দলের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এমনকি দু-একজনকে লাঞ্ছিত করার অভিযোগ শোনা গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা সেটা স্বীকার করেননি।
বিএনপির প্রার্থী এ বি এম জিলানীর অভিযোগ, তাঁকে নির্বাচন থেকে সরে যেতে মুঠোফোনে হুমকি দিয়েছেন আবু তাহের। না সরলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন। জিলানী প্রথম আলোকে বলেন, ‘লক্ষ্মীপুরের মেয়র সাহেব দাওয়াত খেতে চেয়ে আমার বাড়িতে আসার আগ্রহ প্রকাশ করেন। আমি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।’ জিলানী বলেন, তিনি তাঁর আত্মীয়ের বাড়িতে আসতেই পারেন। কিন্তু নিজের নির্বাচনী এলাকার বাইরে ভায়রার নির্বাচন পরিচালনা করতে এসে প্রার্থীদের হুমকি দেওয়া এবং নির্বাচনের পরিবেশ অশান্ত করার চেষ্টা রাজনৈতিক ও আইনিভাবে শোভন নয়।
হুমকি দেওয়ার বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে জানিয়েছেন উল্লেখ করে এ বি এম জিলানী বলেন, ‘আমার কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সন্ধ্যার পর থেকেই আমি ঘরে বসে থাকি। নির্বাচনী প্রচার বা অন্য কোনো কাজে ঘর থেকে বের হই না। আমার নিজেরই যদি এ অবস্থা হয় তাহলে আমার কর্মীদের কী অবস্থা সেটা ভেবে দেখুন।’
জাতীয় পার্টির প্রার্থী আবদুল ওয়াদুদ মৃধ্যা প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের আতঙ্কের কথা শুনেছি। ভোট দিতে পারবেন কি না, সে আশঙ্কার কথা প্রকাশ করেছেন ভোটাররা।’ তিনি বলেন, ‘তাহের সাহেবরা লক্ষ্মীপুরের মানুষ। ওনারা এখানে এসে হুমকি-ধমকি দিচ্ছেন কীভাবে সেটাই ভোটারদের প্রশ্ন। আত্মীয় হিসেবে উনি এখানে এসে সমস্যা তৈরি করলে সেটা গ্রহণযোগ্য হবে না।’
রায়পুর পৌরসভা নির্বাচনে বিভিন্ন দলের একাধিক প্রার্থীর সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়েছে। তাঁদের মধ্যেও ভোট নিয়ে শঙ্কা প্রকট। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আবদুল জাহের মিয়াজী এবারও একই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী। তিনি প্রথম আলোকে বলেন, রায়পুরের ভোটার ও রাজনৈতিক কর্মীদের মধ্যে তখনই আতঙ্ক তৈরি হয়েছে যখন লক্ষ্মীপুরের মেয়র একাধিকবার এ এলাকায় এসেছেন এবং অবস্থান করেছেন। ভোটারদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে তাঁরা ভোট দিতে পারবেন কি না। আওয়ামী লীগের দুজন প্রার্থী ও দুজন বিদ্রোহী প্রার্থী এ বিষয়ে শঙ্কা প্রকাশ করলেও নাম প্রকাশ করতে রাজি হননি।
তবে এসব অভিযোগ মানতে রাজি হননি আওয়ামী লীগের প্রার্থী ইসমাইল খোকন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন রাজনীতি করছি। আগেরবারও মেয়র পদে নির্বাচন করেছি। এবারও দলের মনোনয়ন পেয়েছি। কিন্তু এবার তাহের সাহেবকে নিয়ে যে অভিযোগ উঠেছে সেটা দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জন্য কষ্টকর। আমার আত্মীয় হিসেবে উনি আমার বাড়িতে আসতে পারেন। কিন্তু সেটাকে নিয়ে ইস্যু তৈরি করা কি ঠিক?’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন তো দেখছি তাহের সাহেব আমার আত্মীয় হওয়াটাই আমার জন্য কাল (খারাপ) হয়ে দাঁড়াইছে।’
নিজের সম্পর্কে অভিযোগ অস্বীকার করে আবু তাহের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রায়পুরে আমার শ্বশুরবাড়ি ও ভায়রার বাড়ি। ১৯৭২ সালে বিয়ের পর থেকে রায়পুরের মাটি আমার আপন। সেখানে আমি সব সময়ই যাই। সেখানে যাওয়া নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ যদি উল্টাপাল্টা কথা বলে তাহলে আমার খুবই কষ্ট হয়। আর জেলার রাজনীতি করার সুবাদে আমি জেলার যেকোনো জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ডে যেতে পারি। ইসমাইল খোকন আমার ভায়রা হলেও একজন রাজনৈতিক নেতা হিসেবে নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত।’
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে হুমকি ও ভয়ভীতি দেখানোর বিষয়টি বিএনপির প্রার্থী তুলেছিলেন। আলোচনা হয়েছে। আমি তাঁদের বলেছি, আচরণবিধি মেনে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে।’
বিএনপি প্রার্থীকে হুমকি এবং ভোটারদের শঙ্কার বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা সোহেল সামাদ বলেন, ‘এসব বিষয়ে মৌখিক কিছু অভিযোগ পেয়েছি। তাঁদের লিখিতভাবে অভিযোগ দিতে বললেও দেননি। কিন্তু লিখিতভাবে অভিযোগ না পেলে খুব বেশি কিছু করার থাকে না।’
লক্ষ্মীপুরের মেয়র আবু তাহেরের নির্বাচনী কাজে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধিতে সাংসদ ও মন্ত্রীদের বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা থাকলেও পার্শ্ববর্তী এলাকার মেয়রের বিষয়ে কিছু বলা নেই।
উল্লেখ্য, লক্ষ্মীপুরের মেয়র আবু তাহের ও তাঁর পরিবারের সদস্যদের নানা কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের প্রথম মেয়াদে (১৯৯৬-২০০১) লক্ষ্মীপুর সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতি পায়। আইনজীবী নুরুল ইসলামকে হত্যার পর লাশ টুকরা টুকরা করে গুম করার ঘটনার অভিযোগ আসে তাহের পরিবারের ওপর।
২০০১ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর তাহের, তাঁর স্ত্রী ও ছেলে খুনসহ বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পান। ২০০৭-০৮ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁরা পলাতক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর লক্ষ্মীপুরে ফিরে যায় তাহের পরিবার। ফেরার পর সেখানে নিজের ও পরিবারের কর্তৃত্ব প্রতিষ্ঠায় তৎপর হন তাহের। তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লব বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। পরে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় দণ্ড কমে যাবজ্জীবন হয়েছে।