রায়পুরের পাঁচটি চরে লাঠিয়াল বাহিনীর আনাগোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পাঁচটি চরে লাঠিয়াল বাহিনীর আনাগোনায় আতঙ্কিত হয়ে উঠেছেন কৃষক। লাঠিয়াল বাহিনী কৃষকের উৎপাদিত ধানের তিন ভাগের এক ভাগ দাবি করছে বলে তাঁদের অভিযোগ। ইতিমধ্যে লাঠিয়ালেরা পাঁচজন কৃষকের জমির ধান লুটে নিয়েছে। সরেজমিনে গিয়ে চর কাছিয়ার হারুনুর রশিদ ও কানি বগার আবদুল আজিজসহ বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর তাঁদের ধান পাকলে লাঠিয়াল বাহিনী নিয়ে যায়। বাধা দিতে গেলে রক্ত ঝরে। সব সময় ক্ষমতাসীন দলের নেতারা চরগুলো নিয়ন্ত্রণ করেন। চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লার ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন মোল্লার নিয়ন্ত্রণেই রয়েছে এ চরগুলো। নেপথ্যে রয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। গত এক সপ্তাহে লাঠিয়াল বাহিনী চরকাছিয়ার ইসমাইল হোসেন, আমিন উল্যা, কানি বগার চরের মনির সরদার, চরইন্দুরিয়ার করিম হোসেন ও চরগাসিয়ার আবদুল আজিজের ধান কেটে নিয়ে গেছে। চরবংশী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন মোল্লা বলেন, ‘ধান লুট বা চাঁদা আদায়ের সঙ্গে আমি জড়িত নই। কিছু লোক আমার নাম ব্যবহার করে এসব অপকর্ম করে থাকতে পারে।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ বলেন, চরের ধান কাটা নিয়ে থানায় আটটি অভিযোগ এসেছে। চরে সন্ত্রাস রোধে পুলিশ তৎপর।