রায়পুরের মেঘনায় হঠাৎ ইলিশের ঝাঁক জেলেপল্লিতে খুশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। নদীতে পানি বৃদ্ধি, তীব্র স্রোত ও বর্ষণের কারণে সাগর থেকে প্রচুর ইলিশ নদীতে আসছে। এতে উপকূলীয় জেলেদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এত ইলিশ পেয়ে জেলেপল্লি, মৎস্য আড়ত, মহাজন ও মৎস্য ব্যবসায়ীরা এখন চাঙা হয়ে উঠেছেন।
২০ বছর ধরে নদীতে ইলিশ ধরছেন চরবংশী গ্রামের সুলতান আহাম্মদ। তিনি বলেন, আষাঢ়-শ্রাবণ দুই মাস ইলিশের ভরা মৌসুম। কিন্তু এ সময়ে গত বছর লক্ষ্মীপুরের মেঘনায় তেমন একটা ইলিশ ধরা পড়েনি। এবার শ্রাবণের শেষে হঠাৎ গত কয়েকদিন ধরে বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, টানা বৃষ্টির কারণে নদীতে পানি বেড়ে গেছে। এ জন্য ইলিশ ধরা পড়ছে। তা ছাড়া জাটকা নিধন বন্ধ হওয়াতেও নদীতে ইলিশের পরিমাণ বেড়েছে। এতে উপজেলার প্রায় ১০ হাজার জেলে স্বস্তিতে রয়েছেন।