রায়পুরের সেই বিদ্যালয়ে আবারও ২০ ছাত্রী অসুস্থ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সেই চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার অজ্ঞাত রোগে ফের ২০ ছাত্রী অসুস্থ হয়েছে। সিভিল সার্জন সালাউদ্দিন শরীফ ও চিকিৎসা দলের (মেডিকেল টিম) প্রধান শিশুবিশেষজ্ঞ ইফতেখার উল হক খানের সামনেই সকাল ১০টার দিকে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। পরে বেলা ১১টার দিকে জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করেন। এদিকে দায়িত্ব অবহেলার কারণে ওই বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আবদুর রহমান ও মোক্তার হোসেনকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলে সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য লাতু বাহাদুর বলেন, তাঁর মেয়ে ফারহানা আক্তার ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। সেও প্রতিদিন অসুস্থ হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ‘জিন-পরি’ অবস্থান করছে। এ জন্য বিদ্যালয়ে এলে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। লাতু বাহাদুর বলেন, স্থানীয় ইমাম ও কবিরাজের পরামর্শে তাঁরা দফায় দফায় বিদ্যালয়ে শেফা খতম পাঠ, মিলাদ ও দোয়া, ১৫০টি তদবির দেওয়া তাবিজ পোড়ানো, তাবিজ ঝোলানো, জিনের বাদশাকে সতর্ক করে চিঠি, লালপতাকা ওড়ানো ও ঝাড়ফুঁকের ব্যবস্থা করেছেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনায় শিক্ষক ও অভিভাবকেরা হতাশ হয়ে পড়েছেন।