রায়পুরের ২৬ ব্যাংকে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সরকারি-বেসরকারি ২৬টি ব্যাংকে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন করার জন্য চিঠি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ চিঠি দেন। তিনি সাত দিনের মধ্যে সিসি ক্যামেরা ব্যাংকে স্থাপন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
পুলিশ জানায়, সম্প্রতি সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতি সংঘটিত হয়। ব্যাংকের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা জরুরি। রায়পুরে সরকারি-বেসরকারি ব্যাংকের ২৬টি শাখা আছে। ব্যাংকগুলোর অধিকাংশ শাখায় সিসি ক্যামেরা নেই।
সোনালী ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক শেখ মো. শাহাবুদ্দিন বলেন, ‘আমাদের শাখায় সিসি ক্যামেরা নেই। পুলিশের দেওয়া চিঠি পেয়েছি। সিসি ক্যামেরা স্থাপন করতে কর্তৃপক্ষকে অবহিত করব।’
রায়পুর থানার ওসি আবদুল্লাহ-আল-মামুন ভূঁইয়া বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে তদন্তের জন্য সিসি ক্যামেরার ফুটেজ খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করতে বলা হয়েছে।