রায়ে আওয়ামী লীগ খুশি: হানিফ

চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চেয়েছে আওয়ামী লীগ। আজ দুপুরে রায় ঘোষণার পর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেছেন, একাত্তরের নরঘাতক বুদ্ধিজীবী হত্যাকারী চৌধুরী মুঈনুদ্দীনের সর্বোচ্চ শাস্তি হওয়ায় জাতির সঙ্গে আওয়ামী লীগও খুশি। কিন্তু তারা বিদেশে থাকায় এখনই এ রায় কার্যকর করা সম্ভব হচ্ছে না। তাদের দেশে ফিরিয়ে আনতে দেশ-বিদেশের সব মহলের সহযোগিতা প্রয়োজন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, একাত্তরে যারা বুদ্ধিজীবী হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে এই সরকারের আমলে তাদের আরও অনেকেরই বিচারের রায় কার্যকর হবে। এ জন্য দেশবাসীসহ সবাইকে সহযোগিতা করতে হবে। এদের যেন বিরোধীরা ছেড়ে দিতে না পারে সে কারণে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।