রায়ে উৎফুল্ল হওয়ার কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ে আনন্দ মিছিল বা উল্লাস করেনি গণজাগরণ মঞ্চ। মঞ্চের নেতারা বলেছেন, মানবতাবিরোধী অপরাধীদের নেতা গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় সবকিছু ম্লান হয়ে গেছে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে এবং মুজাহিদের রায়ের অপেক্ষায় সকাল থেকেই গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগে জড়ো হতে থাকেন। এ সময় তাঁরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন। সকাল ১০টার দিকে শাহবাগের প্রধান সড়কে তাঁরা অবস্থান নিতে চান। পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে তাঁরা জাদুঘরের সামনে অবস্থান নেন।গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে বিভিন্ন বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।দুপুর ১২টার দিকে তাঁরা হরতালবিরোধী মিছিল বের করেন। মিছিলটি কাঁটাবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে জাদুঘরের সামনে অবস্থান নেয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁরা উল্লাস প্রকাশ করেন। এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘৩০ লাখ শহীদের প্রতিনিধি হিসেবে আমাদের এ রায়ে উৎফুল্ল হওয়ার কিছু নেই। এটা প্রত্যাশিত ও প্রতীক্ষিত ন্যায়বিচার। ৪২ বছর ধরে আমরা এই রায়ের জন্য অপেক্ষা করছিলাম।’ তিনি বলেন, গণহত্যার মূল পরিকল্পনাকারী গোলাম আযমের যে রায় দেওয়া হয়েছে, তা ইতিমধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি অবিলম্বে আপিল করে গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির পথ সুগম করার আহ্বান জানান। কেউ আপিল না করলে সংক্ষুব্ধ হিসেবে গণজাগরণ মঞ্চই আপিল করবে বলে ঘোষণা দেন তিনি।এর আগে মুজাহিদের ফাঁসির রায়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গণজাগরণ মঞ্চে আসা সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে গোলাম আযমের ফাঁসির আদেশ না হওয়ার প্রতিবাদে আনন্দ মিছিল থেকে বিরত থাকেন তাঁরা।গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখানে দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে যান চলাচলের সুবিধার্থে তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।