রায়ে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রাখার দাবিতে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা l ছবি: প্রথম আলো
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রাখার দাবিতে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা l ছবি: প্রথম আলো

সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রাখার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
গতকাল রোববার দুপুরে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ওই মামলায় ১৫ জুন দেওয়া হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে এ কর্মসূচি পালন করে টঙ্গী থানা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। বিক্ষোভ মিছিলটি টঙ্গী থানা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সমাবেশে বক্তারা বলেন, ১৫ জুন হাইকোর্টের দেওয়া রায় অনভিপ্রেত। তাঁরা রায়ে সংক্ষুব্ধ। এতে অনেক অপরাধীই খালাস পেয়ে যাবে।
গাজীপুরে আওয়ামী লীগের তৎকালীন সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যার ঘটনায় করা মামলায় হাইকোর্টের রায় হয় ১৫ জুন। রায়ে ছয়জনের ফাঁসি, সাতজনকে যাবজ্জীবন ও ১৩ জনকে খালাস দেন আদালত।
২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালতের রায়ে বিএনপির নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড, ছয় আসামিকে যাবজ্জীবন ও দুজনকে খালাস দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে হাইকোর্ট ১৫ জুন ওই রায় দেন।