অবসরে যাওয়ার ১৬ মাস পর সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সই করার ‘এখতিয়ার’ নিয়ে জোরালো প্রশ্ন তুলবে বিএনপি। এ ছাড়া গত বছরের ১০ মে দেওয়া সংক্ষিপ্ত রায়ে আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার যে মত দেওয়া হয়েছিল, পূর্ণাঙ্গ রায়ে তা পরিবর্তন করা হয়েছে বলেও মনে করে বিএনপি।আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে এ বিষয়গুলো তুলে ধরা হবে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, সুপ্রিম কোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় ছাড়াও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে কথা বলবেন খালেদা জিয়া।বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন, খায়রুল হক এখন আর ‘সিটিং জজ’ নন। ফলে বিচারক হিসেবে সাংবিধানিক কোনো ধরাবাধার মধ্যেও পড়েন না তিনি। তাই এই রায়ে সই করার আইনগত অধিকারও তাঁর নেই।বিএনপির নেতাদের দাবি, পূর্ণাঙ্গ রায়ে মন্ত্রিসভা সংক্ষিপ্ত আকারে নির্বাচনকালীন দায়িত্ব পালনের যে কথা বলা হয়েছে, তা অনেক দিন থেকে দেশে-বিদেশে বলাবলি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, এ রায়ে বিচারপতি খায়রুল হক কীভাবে নিজের আদেশের উল্টো রায় লিখে প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণ করেছেন, বিএনপির বক্তব্যে তার উল্লেখ থাকবে।