রায়ে গণজাগরণ মঞ্চের সন্তোষ
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, এর মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতির কবর রচিত হবে।
গতকাল বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচিতে ইমরান এইচ সরকার এ কথা বলেন। বেলা সাড়ে ১১টার দিকে নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের সংবাদে বিজয় চিহ্ন দেখিয়ে উল্লাস প্রকাশ করেন মঞ্চের কর্মী-সংগঠকেরা।
এ সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মঞ্চের কর্মী-সংগঠকেরা স্লোগান দেন ও গান পরিবেশন করেন। রায়ের প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার বলেন, নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের বড় বিজয় হলো।
নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় সন্তোষ প্রকাশ করে ইমরান বলেন, এতে সারা দেশের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। নিজামী জামায়াতের আমির হিসেবে তাঁর রায়ের মধ্য দিয়ে জামায়াতের রাজনীতির কবর রচিত হবে এবং জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে এই রায় অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি দ্রুত নিজামীর ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
অবস্থান কর্মসূচি শেষে আনন্দ মিছিল বের করেন মঞ্চের কর্মী-সংগঠকেরা। মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।