রায়ে গণজাগরণের কোনো প্রভাব নেই: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। এ রায়ে শাহবাগের গণজাগরণের কোনো প্রভাব নেই।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে রায় দেওয়ার পর আইনমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, প্রজন্ম চত্বরও বলেছে, তাদের আন্দোলন কোনো অবস্থাতেই ট্রাইব্যুনালকে প্রভাবিত করার জন্য নয়। ট্রাইব্যুনালের বিচারকেরা প্রত্যেকেই অভিজ্ঞ ও দক্ষ। সাক্ষ্য-প্রমাণ, তথ্য-উপাত্ত সবকিছু বিবেচনা করে ট্রাইব্যুনাল এ রায় দিয়েছেন। বিচারকেরা ন্যায়-নিষ্ঠা, নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতার সঙ্গে এ রায় দিয়েছেন।শফিক আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধকালে যারা গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুণ্ঠন, জোরপূর্বক ধর্মান্তরিত করাসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছিল, যাদের কারণে এক কোটি লোক দেশত্যাগে বাধ্য হয়েছিল, ৪০ বছর পর এদের বিচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সুবিচার পেয়েছে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধ মার্জনার সংস্কৃতি থেকে আমরা মুক্ত হচ্ছি ও জাতি কলঙ্কমুক্ত হচ্ছে।’ তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। বিচারে আন্তর্জাতিক মান বজায় রেখে রায় হয়েছে।‘পাপ বাপকেও ছাড়ে না’: এ সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এ রায়ের মাধ্যমে ‘পাপ বাপকেও ছাড়ে না’ বলে যে বহুল প্রচলিত প্রবাদ রয়েছে, তা সত্য প্রমাণিত হয়েছে। তিনি বলেন, এ রায়ের ফলে জামায়াত-শিবির আরও ষড়যন্ত্র করবে। এ জন্য ওলামা-মাশায়েখসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে।