রায়ে জিয়ার প্রকৃত চরিত্র জনমনে স্পষ্ট হয়েছে: জাসদ
কর্নেল আবু তাহের হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটি রায় প্রকাশকে স্বাগত জানিয়ে কাল বৃহস্পতিবার জেলায় জেলায় মানববন্ধন ও মিছিল করবে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া। বিবৃতিতে দলটির এই দুই শীর্ষনেতা অভিযোগ করেন, স্বাধীনতাযুদ্ধের সময় গড়ে ওঠা জিয়ার ভাবমূর্তি ও ব্যক্তিত্বের কারণে এবং তাঁকে সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী মনে করে অনেকে হয়তো জিয়াকে অনুসরণ করেছিলেন। কিন্তু এই রায়ে তাঁর প্রকৃত রাজনৈতিক চরিত্র জনমনে স্পষ্ট হয়েছে। তাঁরা বলেন, জিয়াউর রহমানের কারণে এ দেশে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, জেএমবি, হুজি, হিযবুত তাহ্রীরের মতো ধর্মভিত্তিক জঙ্গি-সন্ত্রাসী দল ও সংগঠন পরিণত হয়েছে। এরা দেশের নিরাপত্তা, শান্তি ও অগ্রগতি ব্যাহত করছে। বিজ্ঞপ্তি।