নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় মা ও মেয়ে হত্যা মামলার রায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন আবদুল মালেক ওরফে হিরো মালিক (৩৫), ওমর ফারুক (৩৯) ও আবদুস সালাম (৩৯)।
২০১২ সালের ১৫ আগস্ট শহরের পাইকপাড়ায় দোতলার ফ্ল্যাটের দরজার তালা ভেঙে সৌদিপ্রবাসী আহম্মেদ আলীর স্ত্রী মা মাবিয়া আক্তার (৪৬) ও মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তারের (১২) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, আসামি সালাম গানের ক্যাসেট বের করার জন্য মাবিয়ার কাছ থেকে টাকা নেন এবং কিছু টাকা ধারও নেন। ওই টাকা পরিশোধের জন্য মাবিয়া চাপ দিলে সালাম অন্য আসামিদের সহায়তায় মাবিয়াকে হত্যার পরিকল্পনা করেন। ২০১২ সালের ১৩ আগস্ট রাতে পরিকল্পনা অনুযায়ী সালাম অন্য দুই আসামিকে নিয়ে মাবিয়ার বাসায় যান। একপর্যায়ে ঘুমের বড়ি মেশানো জুস পান করিয়ে মা-মেয়েকে অচেতন করে মাথায় আঘাত ও ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন।