রায়ে নারায়ণগঞ্জবাসীর দায় মোচন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় নারায়ণগঞ্জবাসীর দায় মোচন হয়েছে বলে মন্তব্য করেছেন জেলার সুধীজনেরা। তবে একই সঙ্গে নারায়ণগঞ্জে অন্যান্য আলোচিত হত্যাকাণ্ডেরও দ্রুত বিচার দাবি করেন তাঁরা।

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, এই রায়ে এটাই প্রমাণিত হয় যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আবার একই সঙ্গে একটা আক্ষেপও থেকে গেল, যে গডফাদার এই ঘটনা ঘটিয়েছে, সে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে আরও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটা সাড়ে চার-পাঁচ বছর হতে চলেছে। কিন্তু এখনো অভিযোগপত্রই দেওয়া হয়নি।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘এটা প্রত্যাশিত রায়। এই রায়ের একটা বিশেষ দিক হচ্ছে, এখানে সবার বিচার হয়েছে। কেউ খালাস পাননি। সবাই বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল বলেন, এই রায় সুপ্রিম কোর্টেও বহাল থাকবে বলে তিনি আশা করেন। ত্বকী ও চঞ্চল হত্যার বিচার আটকে আছে। নারায়ণগঞ্জবাসীর দাবি, এই বিচারগুলোও যেন দ্রুত হয়।

ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, এই রায়ে অপরাধীদের এই শিক্ষা হবে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়।

নাগরিক কমিটির জেলা সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, যাঁরা অপরাধী, তাঁরা শুধু মানুষ খুন করেছেন তা নয়, তাঁরা সমাজের ক্ষতি করেছেন। তাই ২৬ জনেরই ফাঁসি বহাল রাখা উচিত ছিল।

‘তাদের ফাঁসিতে আমরা খুশি’

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি বলেন, আইনজীবী চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমের স্ত্রী হনুফা বেগম রায়ের প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, ‘নূর হোসেন আর তারেক সাইদ আমার স্বামীরে মাইরা আমাগো জীবন শেষ কইরা দিছে, তাদের ফাঁসিতে আমরা খুশি।’

গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলগীরচর গ্রামে ইব্রাহিমের বাড়িতে গিয়ে দেখা যায়, উচ্চ আদালতের রায়ের খবর টেলিভিশনে দেখছেন নিহত ইব্রাহিমের দুই স্ত্রী মাহমুদা বেগম, হনুফা বেগম ও তাঁদের ছেলেমেয়েরা।

রায়ের পর অশ্রু মোচন করে মাহমুদা ও হনুফা বেগম বলেন, ইব্রাহিমের মৃত্যুর পর পাঁচ ছেলেমেয়ে নিয়ে তাঁরা অর্থকষ্টে আছেন। দুজনই অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করছেন।

মুঠোফোনে ইব্রাহিমের বাবা আবদুল ওহাব বলেন, ‘ইব্রাহিমের মৃত্যুর পর আমার পুরো সংসার তছনছ হয়ে গেছে। দ্রুত এ রায় কার্যকর দেখে মরতে পারলে শান্তি পাব।’