তারেকের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে: ফখরুল

অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাস পাওয়ার মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে একটি মহল, বিশেষ করে সরকার সুপরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ এনেছে, তা সত্য নয়।
আজ রোববার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি তারেক রহমানের বিরুদ্ধে যত অভিযোগ সবই ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
এই রায় রাজনৈতিক চলমান সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চলমান রাজনৈতিক সংকটের সঙ্গে এ রায়ের কোনো সম্পর্ক আছে বলে আমাদের মনে হয় না। তারেক রহমান ও জিয়া পরিবারকে হেয় করাই এ সরকারের উদ্দেশ্য। বিএনপির চলমান আন্দোলন ভোটের অধিকার রক্ষার আন্দোলন। নির্দলীয় সরকারের বিধান না আসা পর্যন্ত এ আন্দোলন চলবে।’
এর আগে গতকাল শনিবার এ রায় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মির্জা ফখরুল। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, সরকারের নির্দেশে তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে রায় হতে পারে। তিনি অভিযোগ করে বলেছিলেন, ‘কাল (আজ রোববার) তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলার রায় হবে। সম্পূর্ণ অপ্রমাণিত, মিথ্যা মামলার রায় হবে। এখন পর্যন্ত সরকার তারেক রহমানের বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি। কিন্তু হয়তো-বা সরকারের নির্দেশে তারেক রহমানকে দোষী করে আদালত রায় দেবেন।’
গত শুক্রবার অন্য এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহও বলেছিলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার রায়ে কী আছে বা থাকতে পারে, তা জানা আছে।
এদিকে আজ রায় হওয়ার পরপরই দলের ভারপ্রাপ্ত মহাসচিবের পক্ষে প্রতিক্রিয়া জানান যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততা নেই। অতীতে তাঁর বিরুদ্ধে যেসব দুর্নীতির মামলা ছিল, তার সবই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এই মামলায় তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন আজ রোববার এ রায় ঘোষণা করেন।
২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়।
প্রসঙ্গত, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে আছেন। চিকিত্সার জন্য ২০০৮ সালে তিনি উচ্চ আদালতের অনুমতি নিয়ে ওই দেশে যান। পরে তাঁর জামিন বাতিল করে এই মামলায় আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়। তিনি না আসায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।