বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ এলাকা নিয়ে নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতের রায়ে মূলত ভারতের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মনে করে বিএনপি।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলটি এ দাবি করে।
দলটির দাবি, বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার এলাকার পুরোটাই বাংলাদেশের ছিল। রায়ের মাধ্যমে এখান থেকে ছয় হাজার বর্গকিলোমিটার ভারতকে দিয়ে দেওয়ায় বাংলাদেশের ক্ষতি হয়েছে।
দলের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরে ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে বাংলাদেশের স্থলসীমানা সাড়ে চার কিলোমিটার পূর্বদিকে সরে এসেছে। এতে বাংলাদেশের স্থলসীমানার আয়তনও কমেছে।
বিএনপি মনে করে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের ওপর ভারতের নিয়ন্ত্রণ ও প্রভাব রয়ে গেছে। এ জন্য এ ধরনের একটি রায় পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে মামলাটি ভালোভাবে পরিচালনা করা হয়নি বলে অভিযোগ করে দলটি।
হাফিজউদ্দিন বলেন, ২০০৯ সালে মামলা করা সময়োপযোগী হয়নি। এটি আরও পরে করার দরকার ছিল।
দক্ষিণ তালপট্টির বিষয়ে বিএনপির দাবি, এটি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এটি হাতছাড়া হতে দেওয়া উচিত হয়নি।
এ রায়ে বাংলাদেশ-ভারত দুই দেশের বিজয় হয়েছে—এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি বলেছে, দুই দেশের বিজয় হয়েছে, তা ঠিক নয়।
এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে ‘স্টান্টবাজি’ না করারও আহ্বান জানিয়েছে দলটি। পাশাপাশি মিয়ানমার ও ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো পরিষ্কার করার দাবি জানায় দলটি।
ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শসমের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও ইনাম আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
ভারতের সঙ্গেও সমুদ্র জয়