রায়ে রাষ্ট্রপক্ষের সন্তোষ সংক্ষুব্ধ আসামিপক্ষ
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাঁরা বলেছেন, এই রায় কাঙ্ক্ষিত ছিল। রায়ে সন্তোষ জানিয়েছেন মুক্তিযোদ্ধারাও। তবে আসামিপক্ষ বলেছে, তারা এই রায়ে সংক্ষুব্ধ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার নিজামীর বিরুদ্ধে এই রায় ঘোষণার পর দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী বলেন, ‘ট্রাইব্যুনাল ঐতিহাসিক রায় দিয়েছেন। এর মাধ্যমে শহীদদের আত্মা শান্তি পাবে।’
রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, ‘নিজামী যে অপরাধ করেছেন তাতে এ সাজা তাঁর প্রাপ্য ছিল। এ রকম রায়ই আমরা প্রত্যাশা করেছিলাম।’ তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা করে একাত্তরে হত্যা, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যায় উসকানি দিয়েছেন নিজামী।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, ‘নিজামীর অপরাধ এত ভয়াবহ যে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো রায় হতে পারে না।’
‘আনহ্যাপি জাজমেন্ট’: আসামিপক্ষ
এদিকে রায়ের পর ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে নিজামীর আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটা মোস্ট আনহ্যাপি জাজমেন্ট। আমরা এর বিরুদ্ধে আপিল করব।’ তিনি বলেন, ‘নিজামী ন্যায়বিচার পাননি। রাষ্ট্রপক্ষ গোঁজামিল দিয়ে সাক্ষী জোগাড় করেছে। আসামির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ প্রমাণ হয়নি। কোনো সাক্ষী বলতে পারেননি নিজামীকে হত্যা করতে দেখেছেন।’
তাজুল ইসলাম বলেন, ‘আদালত তাঁর জুরিসডিকশনের বাইরে গিয়ে অনেক কথা বলেছেন। আদালত নিজামীর মিন্ত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তিনি তো জনগণের ভোটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কাকে মন্ত্রী করা হবে বা হবে না, এটা আদালতের বিবেচ্য বিষয় নয়। ট্রাইব্যুনাল রাজনীতিবিদদের ভাষায় কথা বলতে পারেন না। আমরা আপিলে এই বিষয়গুলো তুলব।’
‘কর্মীদের শান্ত থাকতে বলেছেন নিজামী’: রায়ের পর নিজামীকে উদ্ধৃত করে তাজুল ইসলাম বলেন, ফাঁসির রায় জানার পরও দলের সারা দেশের নেতা-কর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন মতিউর রহমান নিজামী। কোনো রকমের সহিংসতা না করে নেতা-কর্মীদের প্রতিবাদ করতে বলেছেন তিনি। একই সঙ্গে তিনি আইনজীবীদের এই রায়ের বিরুদ্ধে আপিল করার নির্দেশ দিয়েছেন।
তাজুল ইসলাম বলেন, রায় ঘোষণার পর আদালতের অনুমতি নিয়ে তিনি নিজামীর সঙ্গে কথা বলেছেন। এ সময় নিজামী তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। নিজামী তাঁকে বলেছেন, ১৯৯১ সালে আওয়ামী লীগকে সমর্থন না দেওয়া এবং জামায়াতের আমির হওয়ায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।
সন্তুষ্ট মুক্তিযোদ্ধারা: রায় ঘোষণার পর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। একদিন এই রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা ওঠার পর আমরা প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। আজকে আদালত নিজামীর ফাঁসির রায় দেওয়ার পর আমরা স্বস্তি পাচ্ছি। আমরা চাই আপিল বিভাগেও এই রায় বহাল থাকবে।’
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, এই রায়ে শহীদের আত্মা শান্তি পাবে। তিনি দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা পর্যালোচনা করার কথাও বলেন।
ঠাকুরগাঁও থেকে আসা মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, গোপালগঞ্জ থেকে আসা ফরিদ আহমেদ তালুকদার, মাদারীপুরের মুক্তিযোদ্ধা বাবুল আখতারসহ ট্রাইব্যুনালের সামনে থাকা আরও অনেকেই রায়ে সন্তোষ জানান।
সকাল থেকেই মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগসহ বেশ কটি সংগঠন ব্যানার নিয়ে ট্রাইব্যুনালের সামনে অবস্থান নেয়।
নিরাপত্তা জোরদার: রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই ট্রাইব্যুনালসহ আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ভোর থেকে ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় সতর্কাবস্থায় রাখা হয় র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। হাইকোর্ট ও ট্রাইব্যুনালে প্রবেশের সব ফটকে পুলিশ ও র্যাব অবস্থান নেয়। ভেতরে প্রবেশের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তল্লাশি চালানো হয়। হাইকোর্টের মাজার-ফটকের বাইরে অবস্থান নেয় পুলিশের সাঁজোয়া যান।