রায়ে সন্তুষ্ট নন শহীদদের স্বজনেরা
একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির নেতা আবদুল আলীমের আমৃত্যু কারাদণ্ডের রায়ে সন্তুষ্ট নন জয়পুরহাটের শহীদদের স্বজনেরা। তাঁরা জানিয়েছেন, তাঁদের প্রত্যাশা ছিল আলীমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ হবে।
গতকাল বুধবার রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় জয়পুরহাট পৌর এলাকার দেবীপুর গ্রামের শহীদ আবুল কাশেমের মেয়ে লাইলী বেগম বলেন, তাঁর প্রত্যাশা অনুযায়ী আলিমের ফাঁসি না হওয়ায় তিনি মর্মাহত। আলীমের নির্দেশে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তাতে তাঁর সর্বোচ্চ সাজা হওয়া উচিত ছিল।
লাইলী এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন।
রায়ে হতাশা জানালেন শহীদ জব্বল হোসেন খানের মেয়ে ও রাষ্ট্রপক্ষের আরেক সাক্ষী বিউটি বেগম। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরের এই শিক্ষিকা জানান, প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি। জব্বল একাত্তরে তৎকালীন ইপিআরের সুবেদার মেজর ছিলেন। বিউটি জানান, একাত্তরের ২০ নভেম্বর তাঁর বাবাকে জয়পুরহাটের শান্তি কমিটির চেয়ারম্যান আলীমের নির্দেশে রাজাকার ও পাকিস্তানি সেনারা ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করে।
রায়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন সদর উপজেলার সাওয়ালপাড়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা তফিজ উদ্দীনের ছেলে গোলাম মোস্তফাও।
এ মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের বয়োবৃদ্ধ আবদুল মোমিন মণ্ডল বলেন, তাঁর প্রত্যাশা ছিল আলীমের ফাঁসি হবে।
আক্কেলপুর প্রতিনিধি জানান, পাহাড়পুরে আহত মুক্তিযোদ্ধা ফজলুল করিমসহ দুজনকে হত্যার দায়ে (১৪তম অভিযোগ) ট্রাইব্যুনাল আলীমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন। ফজলুল করিমের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার বড় মসজিদ এলাকায়। রায়ের পর প্রতিক্রিয়া জানতে শহীদ ফজলুলের বাড়িতে গেলে দেখা যায়, টেলিভিশনে কিছুক্ষণ আগে রায় শুনে পরিবারের সদস্যদের চোখে আনন্দাশ্রু। তাঁর বড় ভাই ও রাষ্ট্রপক্ষের সাক্ষী আবদুল হাই বলেন, রায় শুনে তাঁদের মা দৌলতুন নেছা সবচেয়ে বেশি খুশি হতেন। তাঁর জীবদ্দশায় আলীমের বিচার শুরু হলেও তিনি ছেলে হত্যার বিচারের রায় শুনে যেতে পারেননি।