রায়ে সন্তুষ্ট হতে পারেনি সিফাতের স্বজন-সহপাঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহিদা সিফাত
ওয়াহিদা সিফাত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে পরিবার ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আদালতের রায় আশানুরূপ হয়নি মন্তব্য করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও পরিবারে পক্ষ থেকে জানানো হয়েছে।

সিফাতের চাচা ও মামলার বাদী মিজানুর রহমান বলেন, ‘ময়নাতদন্তে সিফাতকে হত্যা করা হয়েছে উল্লেখ করা সত্ত্বেও আদালত এটিকে আত্মহত্যার প্ররোচনা মামলা হিসেবে গণ্য করে রায় দিয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট নই।’

মিজানুর রহমান আরও বলেন, ‘যদি আত্মহত্যা প্ররোচনা মামলা হিসেবেও ধরা হয়, তাতেও আসামিপক্ষ আত্মহত্যার পক্ষে কোনো যুক্তি দেখাতে পারেনি, সে ক্ষেত্রে সিফাতের শ্বশুর-শাশুড়ি কীভাবে খালাস পায়?’ এ রায়ের বিরুদ্ধে শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি। সিফাতের ছোট ভাই আসিফুল ইসলামও একই কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। ও আমরা শিগগিরই উচ্চ আদালতে আপিল করব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘আমরা ময়নাতদন্ত প্রতিবেদনে দেখেছিলাম, তাঁকে (সিফাত) হত্যা করা হয়েছিল। কিন্তু রায়ে এর সঠিক বাস্তবায়ন হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। যেটুকু শুনেছি, তাতে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। এ ছাড়া এই রায়ে একজন ময়নাতদন্ত চিকিৎসক পক্ষপাত করেও খালাস পেলেন, যা আমাদের বিচলিত করছে।’

সিফাতের সহপাঠী মেহেরুল সুজন বলেন, ‘আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। তবে এই রায়ে আমরা পুরোপুরি সন্তোষ প্রকাশ করতে পারছি না।’ বিভাগের আরেক শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা ছিল, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। কিন্তু হত্যাকারীকে যে সাজা দেওয়া হয়েছে, তাতে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।

সোমবার দুপুরে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। এতে সিফাতের স্বামী মো. আসিফ প্রিসলির ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।

মামলায় আসামি ছিলেন: সিফাতের স্বামী মো. আসিফ প্রিসলি, শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান, শাশুড়ি নাজমুন নাহার নাজলী ও সিফাতের মৃতদেহের প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক জোবাইদুর রহমান।

প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ডা. জোবাইদুর রহমান বলেন, ‘সিফাত আত্মহত্যা করেছেন।’ কোনো প্রকার ভিসেরা রিপোর্ট ছাড়াই তিনি ওই প্রতিবেদন দাখিল করেন। পরে ২০১৫ সালের ২১ জুন কবর থেকে সিফাতের লাশ তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তিনজন চিকিৎসক পুনরায় ময়নাতদন্ত করে জানান সিফাতকে হত্যা করা হয়েছে।

২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী নগরের মহিষবাথান এলাকার শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয় গৃহবধূ ওয়াহিদা সিফাতের। ২ এপ্রিল নগরের রাজপাড়া থানায় মামলা করেন সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার।