রায়ে সন্তোষ ভুক্তভোগী পরিবার ও মুক্তিযোদ্ধাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও মুক্তিযোদ্ধারা। তাঁরা এ রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছেন।
রায়ের পর আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার সুবহানের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগই পাবনার।
ঈশ্বরদীর শহীদ পরিবারের সদস্য শফরুজ্জামান প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা দ্রুত এই রায় কার্যকর দেখতে চাই। রায় কার্যকর হলে শান্তি পাব, শহীদের আত্মাও শান্তি পাবে।’
একাত্তরের ১৯ এপ্রিল দুপুরে তৎকালীন পাকশী রেলওয়ে কন্ট্রোলার মোয়াজ্জেম হোসেন, স্কুলশিক্ষক মোতালেব আহম্মেদ খানসহ ১৮ জনকে ঈশ্বরদী জামে মসজিদ থেকে টেনে-হিঁচড়ে বের করে রেললাইনের ধারে একটি কয়লার স্তূপের কাছে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। একাত্তরে মোয়াজ্জেম হোসেনের ছেলে শফরুজ্জামানের বয়স ছিল তিন বছর। সুবহানের বিরুদ্ধে এই মামলায় তাঁর বড় ভাই মুক্তিযোদ্ধা তহুরুল ইসলাম রাষ্ট্রপক্ষের সাক্ষী। তহুরুল চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। ঈশ্বরদীর শেরশাহ রোডে তাঁদের বাড়ি।
রাষ্ট্রপক্ষের আরেক সাক্ষী মুক্তিযোদ্ধা আ ত ম শহীদুজ্জামান বলেন, ‘আমরা আশাবাদী, দ্রুত ফাঁসির রায় বাস্তবায়ন হবে।’
সুবহানের পৈতৃক বাড়ি পাবনার সুজানগর উপজেলার তৈলকুন্ডা গ্রামে। জেলা শহরের জালালপুর ও পাথরতলা মহল্লায় তাঁর দুটি বাড়ি রয়েছে।
রাষ্ট্রপক্ষের সাক্ষী ফজলুর রহমান রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘একাত্তরের ১২ এপ্রিল রাজাকার ও পাকিস্তানি বাহিনীর কবল থেকে বাঁচতে বেশ কয়েকজন নিরীহ মানুষ ঈশ্বরদী জামে মসজিদে আশ্রয় নিয়েছিলেন। তাঁরাও রক্ষা পাননি সুবহানের নৃশংসতা থেকে। এ রায়কে আমরা স্বাগত জানাই।’