রায়ে হতাশ কেরানীগঞ্জবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২৫ নভেম্বর। ঢাকার কেরানীগঞ্জের ঘাটার চরে সেদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত অন্তত ৬০ জনকে হত্যা করা হয়। হানাদার পাকিস্তানি বাহিনীর সঙ্গে তাদের এ দেশীয় দোসররা নির্মম এই হত্যাযজ্ঞ চালায়।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যে ছয়টি ঘটনায় অভিযোগ গঠন করা হয়, ঘাটার চরের হত্যাযজ্ঞ সেগুলোর একটি। অভিযোগ অনুসারে, কাদের মোল্লা ও তাঁর সহযোগীরা এই হত্যাযজ্ঞ চালান। তাই এ মামলার রায় ঘোষণা উপলক্ষে প্রায় ৪২ বছর পর গতকাল মঙ্গলবার সকাল থেকেই ঘাটার চর (শহীদনগর) বাজারে মানুষের মধ্যে ছিল উত্তেজনা। সবার চোখ ছিল বাজারের দোকানে টেলিভিশনের পর্দায়। অপেক্ষা রায় শোনার।দুপুর সাড়ে ১২টার দিকে টেলিভিশনে তাঁরা দেখলেন, রায়ে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে। কিন্তু রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় ঘাটার চরের হত্যাযজ্ঞের অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন। রায় শুনে হতাশ ও অখুশি হন সমবেত মানুষ। আটিবাজারে জনতা বিক্ষোভ মিছিলও করে।সেদিনের প্রত্যক্ষদর্শী ও এই মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আবদুল মজিদ পালোয়ান রায় শুনেই চলে যান ঘাটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সেখানে একটি নামফলকে ৫২ জনের নাম লেখা, যাঁরা সেদিন শহীদ হন। এরপর তিনি নিয়ে যান বিদ্যালয়ের সামান্য দূরে তাঁদের গণকবরে। বলেন, একাত্তরের ২৫ নভেম্বর ভোরে গোলাগুলির শব্দে ঘাটার চর স্কুলমাঠের কাছে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে দেখেন, পাকিস্তানি সেনারা গুলি করে লোকজনকে হত্যা করছে। সেখানে পায়জামা-পাঞ্জাবি পরা কয়েকজনের মধ্যে থাকা কাদের মোল্লাও হাতে রাইফেল নিয়ে গুলি করেন। সেখানে হিন্দু-মুসলমান মিলিয়ে ৫৬ জন মারা যান। এরপর পাকিস্তানি সেনা ও কাদের মোল্লার বাহিনীর লোকেরা এলাকা ছেড়ে যায়। তিনি বলেন, ‘পরে আমি মরদেহগুলো তুলে গণকবর দিয়েছি। সেই হত্যার কি বিচার হবে না?’আবদুল মজিদ বলেন, ‘আমি নিজে কাদের মোল্লার হাতে বন্দুক দেখেছি। ট্রাইব্যুনালে সবই বলেছি। তাহলে কেন তাঁকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো?’একাত্তরের ২৫ নভেম্বর শহীদ মাল কাদেরের ছেলে আমির হোসেন রায় শুনে বলেন, ‘আমার বাবাকে যারা খুন করেছে, তাদের কি কোনো বিচার হবে না? আমি বাবা হত্যার বিচার চাই।’ একাত্তরে আমিরের বয়স ছিল মাত্র সাত মাস।আরেক প্রত্যক্ষদর্শী ষাটোর্ধ্ব নজিমুদ্দিন বলেন, ‘সেদিন আমার মামা লুনদুর মিয়া ও মামাতো ভাই শামসুদ্দিন মারা যান। এলাকার রাজাকার মোক্তার, আফজাল ডাক্তারসহ অচেনা কিছু লোক হানাদারদের নিয়ে গুলি করে পাখির মতো মানুষ মেরেছে। আমরা খুনিদের বিচার চাই।’কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ছিলেন মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান। তিনি প্রথম আলোকে বলেন, একাত্তরের ২৫ নভেম্বর ঘাটার চরে প্রায় ৬০ জনকে হত্যা করে রাজাকাররা। এরপর রাজাকাররা বড় ভাওয়াল আক্রমণ করে ২৫ জনকে হত্যা করে। তিনি বলেন, ‘গণহত্যার আগে রাতে কেরানীগঞ্জের মুসলিম লীগের নেতা ডা. জয়নাল, কে জি করিম বাবলা, মোক্তার হোসেন ও ফয়জুর রহমান কাদের মোল্লাকে নিয়ে সভা করেন। ওই সভায় নিরস্ত্র মানুষকে হত্যার সিদ্ধান্ত হয়। এ ছাড়া আমি মুক্তিযুদ্ধ চলাকালে মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নির্যাতন কেন্দ্রের ফটকের সামনে কাদের মোল্লাকে অস্ত্র হাতে দেখেছি। ট্রাইব্যুনালেও এসব বলেছি।’মোজাফফর আহমেদ বলেন, ‘সবাই জানে, এই হত্যাযজ্ঞের নির্দেশদাতা কে? কাজেই অভিযোগ প্রমাণিত হবে না কেন? আমি এই রায় প্রত্যাখ্যান করছি। কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার রায়ের পর হতাশাগ্রস্ত। রাষ্ট্রপক্ষের উচিত আপিল করা।’কাদের মোল্লা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ওসমান গনি ও গোলাম মোস্তফাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছিল। রায়ের পর গোলাম মোস্তফার ফুফাতো ভাই আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা এই রাষ্ট্রে কাদের মোল্লার ফাঁসি চাই।’