রায়ের অনুলিপি কারাগারে পৌঁছানোর আগে ফাঁসি কার্যকর নয়: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়ের অনুলিপি কারাগারে পৌঁছানোর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তার বিচারপ্রক্রিয়া শেষ করবে।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি এর আগে দুপুর পৌনে ১২টার দিকে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কামারুজ্জামানের ক্ষমাপ্রার্থনার সময় শেষ হয়নি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে ৩ নভেম্বর রায় ঘোষণা করেন আপিল বিভাগ। ৫ নভেম্বর বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বিকেলে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নিয়ম অনুযায়ী কামারুজ্জামান প্রাণভিক্ষা চাইতে পারেন। তবে প্রথমে আপিল বিভাগ তার রায়ের সংক্ষিপ্ত বা বিস্তারিত অনুলিপি বিচারিক আদালতে পাঠাবেন। বিচারিক আদালত তা কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন।
অবশ্য গতকাল সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছিলেন, প্রকাশিত যে রায় আছে, তার ওপরই ব্যবস্থা নিতে হবে। কারাবিধির ৯৯১ ধারা অনুযায়ী, যখন আসামির মৃত্যুদণ্ড হয়, তখন তাঁকে এটা জানানোর সঙ্গে সঙ্গে সাত দিন সময় দিতে হয়। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। তিনি বলেন, কামারুজ্জামানকেও রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য সে সময় দেওয়া হয়েছে। এখনো সাত দিন শেষ হয়নি।
কারাবিধি ৯৯১ ধারা প্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, ‘ওই ধারাটি যদি পড়েন, তাহলে দেখবেন অবহিত করার কথা বলা আছে। তার মানে আনুষ্ঠানিকভাবে কাগজপত্রে জানাতে হবে, তা নেই। কথা হচ্ছে সে বিষয়টি তাঁকে জানানো হয়েছে।’
আদেশ যায়নি, কীভাবে বিষয়টি জানানো হলো—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদেশ যায়নি মানে কী? তাঁকে জানানো হয়েছে। ব্যাপারটি হলো, আমি যত দূর জেনেছি “প্রিজন অফিশিয়াল হ্যাভ টোল্ড হিম দ্যাট” আপনার আপিল ডিসমিস হয়েছে। আপনার মৃত্যুদণ্ড বহাল আছে।’ কিসের ভিত্তিতে জানানো হয়েছে, জানতে চাইলে মন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘তাহলে খবরের কাগজ কি মিথ্যা?’