রায়ের অপেক্ষায় চার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের চারটি মামলা রায়ের অপেক্ষায় আছে৷ এর একটি আপিল বিভাগে, দুটি ট্রাইব্যুনাল-১-এ এবং একটি ট্রাইব্যুনাল-২-এ আছে৷ এগুলোর মধ্যে তিনটি মামলার শুনানি শেষ হয়েছে এক থেকে দুই মাস আগে৷
আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষায় থাকা মামলাটি জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর৷ ট্রাইব্যুনাল-১-এ আছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও ফরিদপুরের বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের মামলার রায়৷ আর ট্রাইব্যুনাল-২-এ রায় ঘোষণার অপেক্ষায় আছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মামলা৷
সাঈদীর চূড়ান্ত রায়ের অপেক্ষা: ৫০ কার্যদিবস শুনানি শেষে গত ১৬ এপ্রিল সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়৷ তবে রায় ঘোষণা হয়নি এখনো৷ গত বছরের ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন৷
এর আগে আপিল নিষ্পত্তি হওয়া একমাত্র মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায় ঘোষণা করতে আপিল বিভাগ প্রায় দুই মাস সময় নিয়েছিলেন৷ গত বছরের ১৭ সেপ্টেম্বর কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দেন আপিল বিভাগ, তারও প্রায় তিন মাস পর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়৷ ১২ ডিসেম্বর কাদের মোল্লার সাজা কার্যকর হয়৷ মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ সাজা কার্যকরের ঘটনা সেটিই প্রথম৷
দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় কবে নাগাদ রায় হতে পারে—জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘এটা একমাত্র আদালত বলতে পারবেন৷’
আর ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রায় দিতে কেন সময় লাগছে, এ বিষয়ে আমরা পুরোপুরি অন্ধকারে। তবে সাঈদীর মামলার রায় দিতে অনেক সময় লাগবে বলে আমরা মনে করি। এটি অনেক বড় মামলা এবং আসামিপক্ষ সাঈদীকে নির্দোষ প্রমাণ করার জন্য অসংখ্য দালিলিক নথি জমা দিয়েছে। সব বিষয় বিবেচনা করতে স্বাভাবিকভাবেই অনেক সময় লাগবে।’
কার্যত ছয় মাস ধরে ঝুলছে নিজামীর রায়: তিন দফায় মামলার কার্যক্রম শেষ হয়েছে, কিন্তু এখনো রায় ঘোষণা হয়নি৷ নিজামীর বিরুদ্ধে করা মামলার রায় প্রায় ছয় মাস ধরে ঝুলে আছে৷
প্রথম দফায় নিজামীর মামলার কার্যক্রম শেষ হয় গত বছরের ১৩ নভেম্বর৷ বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের জন্য নিজামীর আইনজীবীরা চূড়ান্ত যুক্তি উপস্থাপনের নির্ধারিত দিনে আদালতে অনুপস্থিত ছিলেন৷ এ জন্য ট্রাইব্যুনাল-১ মামলার কার্যক্রম সমাপ্ত করে দেন৷ কিন্তু পরে আসামিপক্ষ যুক্তি উপস্থাপনের সুযোগ চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন৷ ২০ নভেম্বর আবারও মামলার কার্যক্রম শেষ হয়৷ কিন্তু রায় ঘোষণার আগেই গত বছরের ৩১ ডিসেম্বর অবসরে যান ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর৷ এরপর দীর্ঘ ৫৩ দিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেয়নি সরকার৷ গত ২৩ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর নিজামীর মামলায় দুই পক্ষ আবার নতুন করে যুক্তি উপস্থাপন করে৷ ২৪ মার্চ তৃতীয় দফায় রায়ের অপেক্ষায় দিন গোনা শুরু হয়৷
দুই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর মধ্যে নিজমীর মামলাটিই সবচেয়ে বেশি সময় (২৬ মাস) ধরে চলছে৷ ২০১২ সালের ২৮ মে নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিচার শুরু হয়৷ একই দিনে ট্রাইব্যুনাল-২-এ কাদের মোল্লার বিচার শুরু হয়েছিল৷ নিজামীর মামলায় ১৭ মাস ধরে দুই পক্ষের ৩০ জনের সাক্ষ্য নেওয়া হয়৷ ওই সময়ের মধ্যে কাদের মোল্লার আপিল নিষ্পত্তি হয়ে যায়৷
ট্রাইব্যুনাল-১ এ পর্যন্ত তিনটি মামলার রায় দিয়েছেন৷ সাঈদীর মামলার রায় দিতে এই ট্রাইব্যুনালের এক মাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় দেড় মাস ও জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায়ের জন্য দুই মাস সময় নিয়েছিলেন ট্রাইব্যুনাল৷
নিজামীর মামলার প্রসঙ্গে জামায়াতের আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যে সময় পার হয়েছে, তার মধ্যে হয়তো রায় দেওয়া সম্ভব৷ কিন্তু ট্রাইব্যুনালের আগের রায়গুলোতে আসামিপক্ষের সব যুক্তি ও তথ্যপ্রমাণ সঠিকভাবে প্রতিফলিত হয়নি। নিজামীর রায়ে সবকিছু প্রতিফলিত হতে গেলে এই সময় লাগা যুক্তিসংগত।’
পলাতক জাহিদ হোসেন: ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক এম এ জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলার রায়ও গত এক মাসে ঘোষিত হয়নি৷ গত ১৭ এপ্রিল ট্রাইব্যুনাল-১-এ মামলাটির কার্যক্রম শেষ হয়৷ একাত্তরে স্থানীয়ভাবে ‘খোকন রাজাকার’ নামে পরিচিত জাহিদ হোসেনের বিরুদ্ধে গত বছরের ৯ অক্টোবর ১১টি অভিযোগের বিচার শুরু হয়৷
এটি আসামির অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের তৃতীয় মামলার বিচার৷ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদ এবং একাত্তরের আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মামলা দুটির বিচার হয় আসামির অনুপস্থিতিতে৷ আবুল কালাম আযাদ গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর পালিয়ে যান৷ আর মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান মুক্তিযুদ্ধ শেষে বিদেশে চলে যান, তাঁদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা যায়নি৷
মীর কাসেম আলী: জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হয় ৪ মে৷ ওই দিন মামলাটি রায়ের অপেক্ষায় রাখেন ট্রাইব্যুনাল-২৷
এই ট্রাইব্যুনাল এ পর্যন্ত ছয়টি মামলার রায় দিয়েছেন। অপেক্ষমাণ রাখার পর রায় ঘোষণা করতে ট্রাইব্যুনাল-২-এর গড়ে এক মাস করে সময় লেগেছে৷ সবচেয়ে বেশি ৪১ দিন সময় লেগেছে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান েমাহাম্মাদ মুজাহিদের মামলার রায় দিতে৷ আর সবচেয়ে কম সময়—২৫ দিন লেগেছে পলাতক আযাদের রায় দেওয়ার ক্ষেত্রে৷
জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কিবর প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান নিয়োগে অনেক দেরি হয়েছে৷ তারপর আবার যুক্তি উপস্থাপনের জন্য আসামিপক্ষকে সমর্থন করে রাষ্ট্রপক্ষের অদক্ষ কৌঁসুলিদের যুক্তি উপস্থাপন—এসবই নিজামীর মামলাকে দীর্ঘসূত্রতায় ফেলেছে।
আপিল বিভাগে সাঈদীর রায় প্রসঙ্গে শাহরিয়ার কিবর বলেন, ‘আমরা মনে করছি, এখানে অগ্রাধিকারের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিল নিষ্পত্তি করা হচ্ছে না। এখানে একটি নির্দিষ্ট বেঞ্চ থাকা দরকার, যেখানে শুধু এসব মামলার শুনানি হবে। কারণ, গোটা জাতি এসব মামলার রায়ের জন্য তাকিয়ে আছে।’ তিনি বলেন, রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অদক্ষতা-অযোগ্যতা, বিচার নিয়ে সরকারের সমন্বয়, যথাযথ পরিকল্পনার অভাব ইত্যাদি সমস্যার সমাধান না হলে এই বিচার-প্রক্রিয়া আরও দীর্ঘসূত্রতার মধ্যে পড়বে।