রায়ের কপি পেলে প্রতিক্রিয়া জানাবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের কপি হাতে পাওয়ার পরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দাবি ছিল আন্তর্জাতিক মানের, স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার।’দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল শেষে গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামসুজ্জামান। তিনি দাবি করেন, দুই দিনের হরতালের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে জনগণ প্রমাণ করেছে, তারা খুনি ও অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। তারা এই সরকারের পদত্যাগ চায়।শামসুজ্জামান বলেছেন, বিরোধী দলকে মিছিল-মিটিং করতে দেওয়া হচ্ছে না। আর গণজাগরণ মঞ্চ ভেঙে দেওয়ার পরও আবার আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় নৃত্যগীতের ব্যবস্থা করতে দেওয়া হয়েছে।বায়তুল মোকাররম এলাকায় কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় বিএনপির নেত্রীও হুকুমের আসামি হবেন—প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে শামসুজ্জামান বলেন, ‘তদন্ত হলে বোঝা যাবে কার বিরুদ্ধে কী মামলা হবে।’গত রোববারের সমাবেশের নিয়ন্ত্রণ ১৮ দলের হাতে চলে গিয়েছিল—হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর এ বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে শামসুজ্জামান বলেন, ‘জুনায়েদ বাবুনগরী এ কথা সাংবাদিকদের সামনে বলেননি, পুলিশের সামনে বলেছেন। পুলিশের বক্তব্য অনেক সময় আদালতও গ্রহণ করেন না।’বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অভিযোগ করেন, শেষ পর্যায়ে এসে সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিগিবদিক জ্ঞানশূন্য হয়ে বিরোধী দলকে ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে। এরই অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজিপি) আন্দালিব রহমানের বাসভবনে পুলিশ তল্লাশি চালিয়েছে এবং বাসার লোকদের হয়রানি করেছে। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আবার আটক করে রিমান্ডে নিয়েছে।