বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা পরিচালনাকারী আইনজীবীদের বিষয়ে রায়ের কপি হাতে পাওয়ার পর ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি দুদকের আইনজীবীদের গাফিলতি থাকে, তাহলে তাঁকে প্যানেল থেকে বাদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুদকের তদন্ত কর্মকর্তার তদন্তে ত্রুটি ছিল কি না, তা-ও পর্যালোচনা করে দেখা হবে।
দুদকের সচিব বলেন, রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। গত রোববার নিম্ন আদালত অর্থের অবৈধ ব্যবহারসংক্রান্ত মামলার রায়ে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারেক রহমানকে খালাস দেন। অপর আসামি গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়।