রায়ের কপির জন্য ফাঁসির ১২ আসামির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলায় ফাঁসির ১২ আসামি রায়ের কপির জন্য গত বৃহস্পতিবার বিকেলে আদালতে আবেদন করেছেন। কপি পাওয়ার পর কাকে কী অভিযোগের প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে তা দেখে আসামিরা জেল আপিল করবেন।
এদিকে জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১২ ফাঁসির আসামির গায়ে উঠেছে কয়েদির পোশাক।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘১২ আসামিকে কয়েদির পোশাক পরিয়ে কারাগারে ফাঁসির সেলে রাখা হয়েছে। ফাঁসির সেলকে ঘিরে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিভিশন ওয়ার্ডের দায়িত্বরত কারারক্ষী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারাগারের ৪০টি ফাঁসির সেলের মধ্যে ৩২ নম্বর সেলে রাখা হয় উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন আহাম্মদ, মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, চোরাকারবারি হাফিজুর রহমান ও হাজী আবদুস সোবহানকে। আর ১০ নম্বর সেলে রাখা হয় বাবর, নিজামী, রেজ্জাকুল হায়দারসহ বাকি আসামিদের।
দণ্ডপ্রাপ্ত মহসিন উদ্দিন তালুকদার ও কে এম এনামুল হকের সঙ্গে গতকাল শুক্রবার সকালে দেখা করতে আসেন তাঁদের স্বজনেরা।
দণ্ডপ্রাপ্ত কয়েক আসামির আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ প্রথম আলোকে বলেন, ‘রায়ের কপির জন্য ১২ আসামি আদালতে আবেদন করেছেন। কারা বিধি অনুযায়ী ফাঁসির আসামিকে সাত দিনের মধ্যে জেল আপিল করতে হয়।’
গত বৃহস্পতিবার দশ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলায় ১২ জনকে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ওই দিন দুপুরে তাঁদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।