রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা।  ফাইল ছবি
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা। ফাইল ছবি
  • দুই পক্ষের আইনি বিতর্কে গতকালও সরগরম ছিল আদালত
  • বিতর্কের কেন্দ্রে ছিল অধিকতর তদন্তের বিষয়
  • তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ মোট আসামি ৪১
  • রাষ্ট্রপক্ষে সাক্ষী ২২৫
  • আসামিপক্ষে সাক্ষী ১২
  • আসামি পলাতক ১৮
  • কারাগারে ২৩
  • জামিনে আছেন ৮

২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার রায়ের তারিখ আজ মঙ্গলবার ঘোষণা হতে পারে। এর আগে মামলার অধিকতর তদন্তের যথার্থতা সম্পর্কে রাষ্ট্রপক্ষ বিস্তারিত ও শেষ বক্তব্য দেবে। এর মাধ্যমে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে।

গতকাল সোমবারও দুই পক্ষের আইনি বিতর্কে সরগরম হয়ে ওঠে আদালতকক্ষ। বিতর্কের কেন্দ্রে ছিল সেই অধিকতর তদন্ত, যা নিয়ে এর আগেও একাধিক দিনের শুনানিতে আসামিপক্ষ প্রশ্ন তুলেছে এবং রাষ্ট্রপক্ষ জবাব দিয়েছে।

আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান গতকালও বলেছেন, অধিকতর তদন্তের আদেশ দেওয়ার আগে ৬১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, যাঁদের একজনও গ্রেনেডের উৎস বা তা সরবরাহের সঙ্গে কারা জড়িত থাকতে পারেন, সে বিষয়ে একটা কথাও বলেননি। যে থানায় এই মামলা করা হয়েছে, সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা মামলার তদন্ত কর্মকর্তাও আদালতে কোনো অবেদন করেননি। অর্থাৎ আদালতের সামনে এমন কোনো নতুন তথ্য ছিল না, যা উদ্‌ঘাটনের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন ছিল।

আর রাষ্ট্রপক্ষের বক্তব্য হচ্ছে, মামলার যেকোনো পর্যায়ে প্রয়োজন মনে করলে আদালত স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের আদেশ দিতে পারেন। এ ক্ষেত্রে তো সিআইডি অধিকতর তদন্তের জন্য আবেদন করেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তা আদালতে উপস্থাপন করেছেন। কাজেই অধিকতর তদন্তের প্রক্রিয়া ও পদ্ধতি যথাযথই ছিল। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ আজ মঙ্গলবার আরও বিস্তারিত বক্তব্য দেবে। এর মাধ্যমে বিচারপ্রক্রিয়ার এই পর্যায় শেষ হবে এবং আজই বহুল আলোচিত ও স্পর্শকাতর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করতে পারেন আদালত। তবে অনেক ক্ষেত্রে আদালত রায়ের তারিখ পরে ঘোষণা করা হবে বলেও মামলার কার্যক্রম শেষ করেন।

উভয় পক্ষের আইনজীবীদের সূত্রগুলো জানায়, আসামিপক্ষের প্রধান লক্ষ্য হচ্ছে অধিকতর তদন্তকে আইনগতভাবে অবৈধ প্রমাণ করা। কারণ, এটা করতে পারলে আর মামলাই থাকে না। আর রাষ্ট্রপক্ষেরও চ্যালেঞ্জ অধিকতর তদন্তকে আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য প্রমাণ করা। তাহলেই সব আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার তাদের দাবি জোরালো ও সুনির্দিষ্ট হয়।

গতকাল রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আগের দিনের ধারাবাহিকতায় তাঁর বক্তব্য শুরু করেন। তিনি আসামিদের অপরাধমূলক ষড়যন্ত্রের স্থানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করাসহ আসামিপক্ষের কতিপয় যুক্তির পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, এই মামলায় রাজনৈতিক কারণে একজনকেও আসামি করা হয়নি। আদালতে তিনি ‘আইনের শাসন প্রতিষ্ঠায় ন্যায়বিচার প্রার্থনা’ করেন।

এর আগে রেজাউর রহমান জামিনে থাকা আসামিদের জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করেন। ২১ আগস্টের ঘটনার পর প্রকাশিত ২৫টি দৈনিক পত্রিকার খবরের একটি ফাইলও উপস্থাপন করেন তিনি। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম আপত্তি করলে বিচারক বলেন, ‘অপনারাও অনেক কাগজপত্র এভাবে উপস্থাপন করেছেন। আদালত তা সানন্দে গ্রহণ করেছে।’

আসামিদের জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন প্রসঙ্গে বিচারক বলেন, ‘আসামিপক্ষ হয়তো এ বিষয়ে কিছু বলতে পারে। রাষ্ট্রপক্ষের আবেদন উপস্থাপিত হলো। দেখা যাক কী দাঁড়ায়।’

সৈয়দ রেজাউর রহমানের উপস্থাপনের পর পাঁচজন আসামির পক্ষে আইনজীবী মো. মাঈনুদ্দিন মিয়া অধিকতর তদন্ত, সম্পূরক অভিযোগপত্র ও ১৬৪ ধারায় মুফতি হান্নানের জবানবন্দির গ্রহণযোগ্যতা সম্পর্কে যুক্তি তুলে ধরেন। এরপর এস এম শাহজাহান যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আজ রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এর মাধ্যমেই এই মামলার কার্যক্রম শেষ হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।