রায়ের তীব্র নিন্দা জামায়াতে ইসলামী হিন্দের
জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের তীব্র নিন্দা জানিয়েছে ভারতের জামায়াতে ইসলামী হিন্দ। অবিভক্ত ভারতের এই সংগঠনটি থেকেই জামায়াতে ইসলামী পাকিস্তান এবং পরবর্তীকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের জন্ম। খবর বিবিসি বাংলার। জামায়াতে ইসলামী হিন্দের আমির মাওলানা সৈয়দ জালালউদ্দীন উমরি রায়ের পর গতকাল বৃহস্পতিবার তাঁর প্রতিক্রিয়ায় বিবিসিকে বলেন, ‘সারা বিশ্বে ইসলামি দলগুলোকে রাজনীতির মূল স্রোত থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চলছে। বাংলাদেশের এ ঘটনায়ও সেই একই প্রয়াসের প্রতিফলন দেখা যাচ্ছে।’সৈয়দ জালালউদ্দীন উমরি বলেন, ‘(হাইকোর্টের) ওই সিদ্ধান্ত গণতন্ত্রবিরোধী। জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে স্বীকার করে না—এই অভিযোগটাই মিথ্যা। কারণ, তারা একটা স্বাধীন দেশকে মেনে নিয়েই কাজ করছে, রাজনীতি করছে।’ভারতের জামায়াতে ইসলামীর সর্বোচ্চ এই নেতা বলেন, ‘৪০ বছরের পুরোনো ঘটনা জোর করে টেনে এনে বাংলাদেশে জামায়াত নেতাদের অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। আর এখন তাঁদের নির্বাচন থেকে দূরে রাখাও সেই অন্যায়েরই অংশ।’