মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় করা মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে। গতকাল রোববার রায় লেখা প্রস্তুত না হওয়ায় ২৮ আগস্ট নতুন তারিখ ধার্য করা হয়েছে।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল ইসলাম নতুন এই তারিখ ধার্য করেন। এ মামলায় কারাগারে আটক সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন, পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী, সাকা চৌধুরীর ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসানকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী আদালতে হাজির ছিলেন। তবে জামিনে থাকা আরেক আসামি সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আদালতে হাজির ছিলেন না। তাঁর পক্ষে আইনগত কোনো পদক্ষেপ নেননি আইনজীবীরা। অপর আসামি আইনজীবীর সহকারী মেহেদি হাসান পলাতক রয়েছেন।
২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের আগেই তাঁর স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন।