রায়ের পর চট্টগ্রামে আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ের পর গতকাল বুধবার দুপুরে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামে আনন্দ মিছিল এবং সমাবেশ করেছে। আনন্দ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটও।
রায় ঘোষণার পরই গণজাগরণ মঞ্চ নগরের চেরাগি পাহাড় মোড় থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলটি আন্দরকিল্লা এবং জামালখান ঘুরে এসে আবার চেরাগি পাহাড়ে ফিরে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, সংগঠক রাশেদ হাসান, সুনীল ধর।
বক্তারা বলেন, এই রায়ের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এই রায় প্রমাণ করেছে অপরাধ করে কেউ পার পাবে না। অবিলম্বে এই রায় কার্যকর করার দাবি জানান তাঁরা।
এদিকে সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে বিকেলে নগরের দারুল ফজল মার্কেটের সামনে থেকে আনন্দ মিছিল বের করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট। মিছিলে অংশ নেন মাহবুবুল আলম চৌধুরী, এ কে এম সরোয়ার কামাল, মো. নাসির উদ্দিন, বদিউজ্জামান, এ কে এম আলাউদ্দিন প্রমুখ।