রায়ের পরও জমি পাচ্ছেন না
‘আদালতের রায় পাইছি, তবু সম্পত্তির দহল পাইতাছি না। দখলদারেরা আমারে বাড়ি ছাড়ার হুমকি দিতেছে।’ নিজের পক্ষে আদালতের রায়ের কাগজপত্র দেখিয়ে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখী গ্রামের বেগমজান বিবি (৭৫)।মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, বেগমজান তাঁর ৩৬ শতাংশ জমি বুঝে পেতে ২০০১ সালে আশরাফ আলী ও রেজত আলীসহ কয়েকজনের বিরুদ্ধে নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে বণ্টনের মামলা করেন। ওই মামলায় চলতি বছরের মার্চে আদালতের দেওয়া রায় অনুযায়ী বেগমজান ওয়ারিশসূত্রে পাঁচরুখী মৌজার ৩০৮৮, ৩১৫১ ও ৩১৫৮ নম্বর দাগে ৩৬ শতাংশ জমির মালিক। রেজত আলী বলেন, ‘আদালতের রায় মানতে হবে, তবে বেগমজান জমির দখল বুঝে নিলে আমরা বাড়ি থেকে বের হতে পারব না।’ ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, আদালত বেগমজানের পক্ষে যে রায় দিয়েছেন, সেই কাগজপত্র দেখে জমি মেপে তাঁকে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।