রায়ের প্রতিবাদে আ.লীগের রাস্তা অবরোধ দীর্ঘ যানজট
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলের রায় বহালের প্রতিবাদে গতকাল রোববার টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। টঙ্গী-কালীগঞ্জ রোডে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
এ হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ১১ জনকে খালাস দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন একটি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ গতকাল সেই রায় বহাল রাখেন। এ রায় প্রত্যাখ্যান করে সঙ্গে সঙ্গে রাস্তায় নামেন সরকারদলীয় নেতা-কর্মীরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার পর স্থানীয় নতুন বাজার ও স্টেশন রোড এলাকায় টঙ্গী থানা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। একই সঙ্গে টঙ্গী মিলগেট ও কলেজগেট এলাকায়ও খণ্ড খণ্ড মিছিল বের করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলকারীরা বেলা একটার দিকে স্টেশন রোড, মিলগেট ও কলেজগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলমের নেতৃত্বে স্টেশন রোড বাসস্ট্যান্ড এলাকায় ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেনের নেতৃত্বে মিলগেট এলাকায় সড়কে অবরোধ করা হয়। কলেজগেট ও চেরাগ আলী মার্কেট এলাকায় অবরোধ করা হয় টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি কানন মোল্লা ও যুবলীগের নেতা বিল্লাল মোল্লার নেতৃত্বে। পরে বৃষ্টির কারণে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে বিকেল সাড়ে চারটার দিকে যান চলাচল শুরু হয়। টানা সাড়ে তিন ঘণ্টার অবরোধে মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। অনেককে তখন গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।