
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা পূর্বঘোষিত বিক্ষোভ-মিছিল করেছেন। কোনো কোনো জায়গায় মিছিলে পুলিশ বাধা দিলেও বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বিক্ষোভ-সমাবেশ ছিল শান্তিপূর্ণ। তবে গতকালও ধরপাকড় অব্যাহত ছিল।
গতকাল শুক্রবার রাজধানী থেকে ৪ জন এবং ১৫ জেলায় নতুন করে আরও ১৯৮ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। গত ৩০ জানুয়ারি থেকে ১১ দিনে সারা দেশে আটক ও গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৮৫। গত বৃহস্পতিবার রাতে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছিলেন, যত দিন প্রয়োজন তত দিনই নিরাপত্তাব্যবস্থা জারি থাকবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন পথে ও মোড়ে পুলিশ মিছিলে বাধা দিয়েছে। তাঁর দাবি, পুলিশ মিছিলে নির্বিচারে গুলিবর্ষণ, ভাঙচুর ও লাঠিপেটা করেছে।
অন্যদিকে পুলিশ বলছে, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যতটুকু প্রয়োজন ছিল, পুলিশ ততটুকুই করেছে।
গতকাল রাজধানীতে জুমার নামাজের পর বিএনপির নেতা-কর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখান থেকে পরে পুলিশ ৪ জনকে আটক করে।
ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন, ফকিরাপুল পানির ট্যাংক ঘুরে নয়াপল্টনে পৌঁছায়। দলীয় কার্যালয়ে আগে থেকেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা অবস্থান করছিলেন। মিছিলটির স্থায়িত্ব ছিল বড়জোর ২০ মিনিট। মিছিল শেষে কয়েকজন গলির ভেতরে ঢুকে গেলে পুলিশ তাঁদের আটক করে।
পুলিশ অবশ্য কাউকে আটকের কথা স্বীকার করেনি। মতিঝিলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এস এম শিবলী নোমান সাংবাদিকদের বলেন, ‘মিছিল থেকে কোনো সমস্যা হয়নি বলে পুলিশ বাধা দেয়নি। আটকের বিষয়ে কিছু বলতে পারছি না।’
বেলা পৌনে তিনটা নাগাদ নয়াপল্টন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ছিলেন না। তবে বায়তুল মোকাররম থেকে নয়াপল্টন পর্যন্ত পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। বৃহস্পতিবার পুলিশের লাঠিপেটা খেয়েও মোহাম্মদপুরে বিএনপির কর্মী আয়েশা তাঁর তিন বান্ধবী নিয়ে এসেছিলেন। গতকালও এত পুলিশ দেখে তিনি খুবই বিরক্ত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের চেয়ে পুলিশের তাণ্ডব বেশি, খালি ধাওয়ায়। দাঁড়াইতে দেয় না।’
বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগেও গতকাল খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করে দলটি। মিরপুর থানা বিএনপি প্রশিকা ভবন থেকে মিছিল বের করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ফেনীর সোনাগাজীতে গতকাল বিকেলে পুলিশের সঙ্গে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের আড়াই শ নেতা-কর্মীকে আসামি করে মামলা করে পুলিশ।
কিশোরগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ ২৫ নেতা-কর্মী আহত হন। ঘটনাস্থল থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি জালাল মোহাম্মদসহ ১৫ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
মিছিল ও বিক্ষোভকে কেন্দ্র করে শেরপুরে গতকাল ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। নড়াইলে গ্রেপ্তার হন জামায়াতে ইসলামীর ২ নেতাসহ ৩৪ জন। ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সদরে ২৫ জন, কালীগঞ্জে ৩, শৈলকুপায় ৫, হরিণাকুণ্ডুতে ১২, কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৮ জন এবং মাগুরার ১৫ জন। ব্রাহ্মণবাড়িয়ায় আটক হন ২৫ জন।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করার পর ভালুকা বাজার পাঁচ রাস্তার মোড় থেকে ৪ জনকে আটক করে পুলিশ। বাগেরহাট শহরের পুরোনো কোর্টের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ সেখান থেকে ৫ জনকে আটক করে। ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক গ্রেপ্তার হয়েছেন। চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রেপ্তার হন ৩ জন। চাঁদপুরের বিভিন্ন উপজেলায় গ্রেপ্তারের সংখ্যা ১৮। ৫ জন গ্রেপ্তার হয়েছেন সাতক্ষীরায়।
বরিশাল ও রাজশাহীতে পুলিশ বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। খুলনায় কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। সিলেটেও সমাবেশ করেছে বিএনপি।
গাইবান্ধার নতুন বাজার ও সাদুল্যাপুর এবং টাঙ্গাইলের ভিক্টোরিয়া সড়কে বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দেয়।
সুনামগঞ্জে মিছিল করতে না পারলেও পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী ও আওয়ামী লীগের ব্যাপক তৎপরতার মধ্যেও নাটোরে ঝটিকা মিছিল করেছে বিএনপি। নাটোর রেলস্টেশন এলাকা থেকে একটি মিছিল বের করে দ্রুত পশ্চিম বাইপাসে গিয়ে নেতা-কর্মীরা গা-ঢাকা দেন। শহরতলির দত্তপাড়া বাজার থেকেও একটি ঝটিকা মিছিল বের হয়।