সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের প্রত্যায়িত অনুলিপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। গতকাল মঙ্গলবার তিনি বলেছেন, রিভিউ আবেদনের জন্য এখনো ২৭ দিন সময় হাতে আছে।
নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের দেওয়া রায়ের সার্টিফায়েড কপি (প্রত্যায়িত অনুলিপি) গতকাল (সোমবার) পেয়েছি। রায় হয়েছিল ৩ জুলাই। সার্টিফায়েড কপির জন্য আবেদন করা হয়েছিল ৫ জুলাই। সুতরাং এখনো ২৭ দিন সময় হাতে আছে। আশা করি, এই ২৭ দিনের ভেতর রিভিউ আবেদনটি ফাইল করে দেওয়া হবে।’
রিভিউ দায়েরের প্রস্তুতি প্রশ্নে মাহবুবে আলম বলেন, রিভিউয়ের যুক্তি মোটামুটি ৮০ শতাংশ নির্বাচন করা হয়েছে। এখন সেগুলো সংশোধন, পরিমার্জন ও আরও প্রখর করার ব্যাপারে কাজ চলছে।
সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল গত ৩ জুলাই সর্বসম্মতিতে খারিজ করে রায় দেন আপিল বিভাগ। ফলে ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল থাকে। গত ১ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাঁর লেখা রায়ে গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ দেন। আপিল বিভাগের রায় বাতিলের জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব গত ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদ পাস করে। জাতীয় সংসদ সম্পর্কে ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান বিচারপতির ‘অসাংবিধানিক, আপত্তিকর, অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ’ বাতিলের জন্য আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টিও একই প্রস্তাবে পাস হয়।
পরে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক আশা প্রকাশ করেন, এতে তাঁরা ‘কামিয়াব’ হবেন। এরপর ৪ নভেম্বর আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে এ বিষয় নিয়ে বৈঠক করেন। সেদিন আইনমন্ত্রী জানিয়েছিলেন, রায় বাতিল চেয়ে চলতি মাসে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করা হবে।