রায়ের বাস্তবায়ন চান শোকাতুর স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। রায়ের অপেক্ষায় আদালতে ষ ছবি: প্রথম আলো
নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। রায়ের অপেক্ষায় আদালতে ষ ছবি: প্রথম আলো

রায়ের পুরো সময়েই একসঙ্গে বসে ছিলেন শোকাতুর স্বজনেরা। প্রায় একসঙ্গেই তাঁরা প্রিয়জনদের হারিয়েছেন। বিচারক যখন রায় ঘোষণা করছিলেন, তখন তাঁরা এজলাসের বাঁ দিকে বসে ছিলেন। রায় পড়া শেষে পাশের একটি কক্ষে গিয়ে বসে ছিলেন বেশ কিছুক্ষণ। কিছুটা সময় নিয়ে কথা বললেন গণমাধ্যমের সঙ্গে। রায় ঘোষণা উপলক্ষে গতকাল রাজধানীর আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত ছিলেন নিহত বেশ কয়েকজন সেনা কর্মকর্তার স্বজনেরা। তাঁরা কর্নেল মুজিব, কর্নেল আনিস, কর্নেল শামসুল আরেফিন, কর্নেল কাজী এমদাদুল হক, লে. কর্নেল ইনশাদ ইবনে আমিন, লে. কর্নেল শামসুল আরেফিন, লে. কর্নেল আবু মুসা মো. আইয়ুব কায়সার, মেজর মোসাদ্দেক ও মেজর সালেহর স্ত্রী ও স্বজন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের সময় পিলখানায় বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এখন রায়ের বাস্তবায়ন দেখতে চান। তাঁরা এই হত্যাকাণ্ডের পেছনের কারণও জানতে চান। রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাঁরা এসব দাবির কথা বারবার উচ্চারণ করেন।

রায়ের পর কর্নেল মুজিবুল হকের স্ত্রী নেহরীন ফেরদৌসী প্রথম আলোকে বলেন, ‘এই বিচারের মাধ্যমে রাষ্ট্রের কাজ রাষ্ট্র করেছে। প্রতিক্রিয়া এমন কিছু নেই। আমাদের সবার চাওয়া, যেন দ্রুত রায় কার্যকর হয় এবং দোষীরা যাতে শাস্তি পায়। আমরা এ রায়ের দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।’ এ রায়ে আপনি সন্তুষ্ট হয়েছেন কি না—জানতে চাইলে নেহরীন ফেরদৌসী বলেন, ‘এখনো এ বিষয়ে কিছু বলতে পারছি না। এ রায় কার্যকর করার ব্যাপার আছে। কোনো কারণে রায় যদি কার্যকর না হয়, সে জন্য আমরা আগে থেকে সন্তুষ্টির কথা বলতে পারছি না।’

নিহত লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ ইবনে আমিনের স্ত্রী রাজিনা মতিন বলেন, ‘আমরা এত দিন এ রায়ের জন্য অপেক্ষা করেছি। দরকার হলে আরও অপেক্ষা করব। রায় কার্যকর হয়েছে, তা দেখে যেতে চাই।’ মেজর মোহাম্মদ সালেহর স্ত্রী নাসরিন আহমেদ বলেন, ‘আমরা পেছনের ঘটনাটি জানতে চাই। কারা, কীভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা সে বিষয়ে এখনো কিছুই জানি না। আমাদের পেছনের কারণ জানাতে হবে।’ লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. আইয়ুব কায়সারের স্ত্রী মুশরাত জাহান বলেন, ‘অতি দ্রুত ভালো একটা সমাধান চাই। এ রায় যাতে দ্রুত কার্যকর হয়, সে জন্য আমরা অপেক্ষা করব।’

কর্নেল শামসুল আরেফিনের স্ত্রী হাসিনা মমতাজ বলেন, ‘আগাম কোনো প্রতিক্রিয়া জানাতে চাই না। কেননা, রায় যদি কার্যকর না হয়, তাহলে আমাদের আক্ষেপের আর শেষ থাকবে না। রায় যথাসময়ে কার্যকর করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’ কর্নেল কাজী এমদাদুল হকের স্ত্রী নাজনীন এমদাদ বলেন, ‘কে কাকে হত্যা করেছে, আলাদা করে তাদের নাম জানতে চাই।’ রায় ঘোষণার পর কর্নেল মুজিবের স্ত্রী সবার পক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানেও তিনি রায় কার্যকরের তাগিদ দিয়েছেন।