রায়ের বাস্তবায়ন চায় শহীদ পরিবারগুলো

যে চারটি অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড হয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের নির্বিচারে হত্যাযজ্ঞ। ১৯৭১ সালের ৮ মে নিজামীর উপস্থিতিতে রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা গ্রামটির নয়জনকে হত্যা করে এবং ঘরবাড়িতে আগুন দেয়।
ওই ঘটনার পাশাপাশি করমজা গ্রামের হাবিবুর রহমান হাবিবকেও নিজামীর পরিকল্পনায় হত্যা করা হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ে উল্লেখ করেছেন। গ্রামের লোকজন প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধকালে রাজাকার ও আলবদর বাহিনী রাতের বেলা গ্রামের মেগা ঠাকুরের বাড়িতে হামলা চালিয়ে নয়জনকে হত্যা করে। পরদিন ওই বাড়িতেই সবাইকে একসঙ্গে গণকবর দেওয়া হয়। পরিবারটির দু-একজন এখনো বেঁচে থাকলেও তাঁরা কেউ গ্রামে আসেন না। তাই নিজামীর মৃত্যুদণ্ডের রায়ে এই পরিবারের কারও প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা রইজ আলী (৭০) বলেন, ‘আমি নিজে হাতে সেদিন ওদেরকে কবর দিয়েছি। সেদিন থেকেই কামনা করে আসছি এ হত্যাকাণ্ডের যেন বিচার হয়।’
১৯৭১ সালের ২৭ নভেম্বর পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে রাজাকার ও পাকিস্তানি সেনারা অভিযান চালিয়ে ৩০ জন নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে। এই গণহত্যায় জড়িত থাকার অভিযোগেও নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ধুলাউড়ি গ্রামের ভেতরে ঢুকে ইছামতী নদীর পাড়ে দেখা যায় আরেকটি গণকবর ও একটি স্মৃতিস্তম্ভ। এখানে একসঙ্গে কবর দেওয়া হয়েছে ১৯ জন মুক্তিযোদ্ধাকে। পাশেই রইজউদ্দিন ফকিরের (৮০) বাড়ি। যে ১৯ জনকে কবর দেওয়া হয়েছে তাঁদের মধ্যে রইজউদ্দিনের ছেলে জহুরুল ইসলামও ছিলেন। বয়সের ভারে রইজউদ্দিন ঠিকমতো কথা বলতে না পারলেও তাঁর আরেক ছেলে রেজাউল করিম বলেন, ‘একাত্তরে আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। আমাদের বাড়িতে রাজাকার ও পাকিস্তানি বাহিনী যখন অভিযান চালায় আমার ভাইসহ মুক্তিযোদ্ধারা বীরের মতো লড়াই করতে করতে প্রাণ দিয়েছেন। আমার ভাইয়ের হত্যাকারীদের একজনের আজ ফাঁসির রায় হওয়াতে আমরা খুব খুশি। আমরা এ রায়ের বাস্তবায়ন চাই।’
ধুলাউড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের বাবা, ভাতিজা, চাচাতো ভাই, ফুফা ও দুলাভাইও সেদিন পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের নির্মমতায় শহীদ হয়েছিলেন। আবদুর রউফ বলেন, ‘এ রায়ে আমার স্বজন হারানোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’
ঘটনার অপর প্রত্যক্ষর্শী ধুলাউড়ি গ্রামের ছালেহা খাতুন (৫৫) বলেন, ‘আমরা তহন ছোট ছিলেম, সারা গেরাম রক্তে ভরে গেছিল। রাস্তা দিয়ে সব গলাকাট লাশ পরেছিল। ওই কথা মনে পলি এহনও গায় কাঁটা দেয়। শুনলেম যারা মারছিল তাগের শাস্তি হচ্ছে। শুনে ভালোই লাগল।’