বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলে উচ্চ আদালতের রায়ের বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এটা খুব সহজ কাজ নয়, অত্যন্ত কঠিন ও দুরূহ।গতকাল শুক্রবার দুুপুরে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে সপ্তম সংশোধনী বাতিলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, পঞ্চম সংশোধনীর বাতিলের ধারাবাহিকতায় সপ্তম সংশোধনীর ক্ষেত্রেও আদালত একই রায় দিয়েছেন। এটাই স্বাভাবিক ও যৌক্তিক। তবে এ রায় কীভাবে সরকার বাস্তবায়ন করবে, তা-ই এখন দেখার বিষয়।গত বৃহস্পতিবার হাইকোর্ট সংবিধানের সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের সামরিক শাসনকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হয়। এরশাদ সরকারের উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ বলেন, সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই সপ্তম সংশোধনী আনা হয়েছিল। তবে সামরিক শাসকদের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ কাজ বলে তিনি মনে করেন।মওদুদ বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করতে সরকার সংবিধানে কোনো সংশোধনী আনে কি না, তা এখন দেখার বিষয়। এ ব্যাপারে বিশেষ কমিটি কী করে তা দেখতে হবে। কারণ এই সরকারের দুই-তৃতীয়াংশেরও বেশি আসন রয়েছে। তারা চাইলে অবৈধ সামরকি আইন জারির মাধ্যমে ক্ষমতা দখলের পথ বন্ধের উদ্যোগ নিতে পারে।ড্যাবের ইফতার: বিএনপি সমর্থিত চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজনে গতকাল রাজধানীর লেডিস ক্লাবে ইফতার অনুষ্ঠিত হয়।ইফতার অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ড্যাবের সভাপতি আজিজুল হক, মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।