রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে দলটি। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়। সংখ্যাগরিষ্ঠ মতামতে গত ১ আগস্ট হাইকোর্টের তিন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পক্ষে আইনজীবী এই আপিল দায়ের করেন। আপিলের বিষয়টি জানিয়ে আইনজীবী বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ওই রায় ভুল। ২০০৮ সালের ৪ নভেম্বর নির্বাচন কমিশন জামায়াতকে নিবন্ধন দেয়। আবেদনে ২১টি যুক্তি তুলে ধরা হয়েছে। অবকাশ শেষে (১৫ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ১ জানুয়ারি) আপিলের ওপর শুনানি হতে পারে।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করেন তরীকত ফেডারেশনের তৎকালীন মহাসচিবসহ ২৫ জন ব্যক্তি। শুনানি নিয়ে ওই বছরের ২৫ জানুয়ারি হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয় চলতি বছরের ১২ জুন। আদালত ওই দিন রায় অপেক্ষমাণ রাখেন। ১ আগস্ট আদালত রায় ঘোষণা করেন।