রায়ের বিরুদ্ধে আপিল করবে আসামিপক্ষ
নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাব কর্মকর্তা তারেক সাঈদ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। ফাঁসির দণ্ড পাওয়া র্যাবের দুই সাবেক কর্মকর্তার পরিবারের সদস্যরা রায় নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তাঁরা বলেছেন, এটি অত্যন্ত স্পর্শকাতর মামলা। এ নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না।
গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সাত খুন মামলার রায় ঘোষণা করা হয়। এতে নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা তারেক মোহাম্মদ সাঈদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ২৬ জনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতে তারেক সাঈদের বাবা মুজিবুর রহমান এবং এম এম রানার শাশুড়ি উপস্থিত ছিলেন। রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্পর্শকাতর এই মামলা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ রানার শাশুড়ি সুলতানা রহমান বলেন, ‘আমি কোনো কিছু বলতে চাই না।’
রায়ের পর নূর হোসেনের আইনজীবী খোকন সাহা সাংবাদিকদের বলেন, রায়ে তাঁর মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। একই কথা বলেছেন র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের আইনজীবী সুলতানুজ্জামান ও মো. সাহাবুদ্দিন। মাসুদ রানার আইনজীবী রিতা ইসলাম বলেন, খালাস আসা করেছিলেন। তা না হওয়ায় এখন উচ্চ আদালতে যাবেন। মেজর আরিফের আইনজীবী এম এ রশিদ ভূঁইয়াও উচ্চ আদালতে আপিল করার কথা বলেন।