রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর আদেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) পরিচালনা পর্ষদে সাংসদদের সভাপতি মনোনীত হওয়ার বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর আজ সোমবার আদেশের জন্য দিন ধার্য রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ পৃথক আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রোববার আদেশের এ দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম বায়েজীদ।
বেসরকারি স্কুল ও কলেজে ব্যবস্থাপনা কমিটিতে সংসদ সদস্যদের সভাপতি মনোনীত হওয়ার বিধান অবৈধ ঘোষণা করে গত ১ জুন রায় দেন হাইকোর্ট। ২০০৯ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার বিশেষ কমিটি গঠনের ৫০ বিধানটিও সাংঘর্ষিক ঘোষণা করা হয়। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট এ রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ পৃথক লিভ টু আপিল করে।
ইউনুস আলী আকন্দ বলেন, রায়ের বিরুদ্ধে দুটি লিভ টু আপিল করা হয়েছিল। এর ওপর শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ আজ সোমবার আদেশের জন্য রেখেছেন।