রায়ের বিরুদ্ধে ধর্মঘট কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট ডাকা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি আহ্বানকারী বা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার রুলসহ আদেশ দেন।
চালকের সাজার রায়ের প্রতিবাদে পরিবহনশ্রমিকদের ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সকালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী রিটটি করেন। দুপুরে প্রাথমিক শুনানি শেষে আদেশ হয়। সড়ক ও সেতু বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, বিআরটিসি ও বিআরটিএর চেয়ারম্যান, আইজিপি, ডিজি র্যা ব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭ জন বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দেশে বাস, ট্রাকসহ স্বাভাবিকভাবে যান চলাচল নিশ্চিত করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।