কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মতিয়া চৌধুরী বলেছেন, মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চায় জনগণ। সাম্প্রতিক আন্দোলনে জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। আশা করছি, আদালতের রায়ের মাধ্যমেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে।গতকাল রোববার দুপুরে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে বিবিসি আয়োজিত বাংলাদেশ সংলাপে মতিয়া চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ দ্রুতই সংশোধন করা হবে। কাদের মোল্লার রায়ে সরকার সন্তুষ্ট নয়। এ জন্য আপিল করবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, আঁতাতের প্রশ্নই ওঠে না। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার করা আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি। জামায়াতের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই।৪ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে জামায়াত-শিবির সমাবেশ করে। সেখান থেকে ঘোষণা দেওয়া হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতাদের সাজা হলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। এ ব্যাপারে সংলাপে প্রশ্ন করা হলে কৃষিমন্ত্রী বলেন, বিভিন্ন টক শোতে বলা হয়, জামায়াতকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিলে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে না। এর পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে। এর সঙ্গে আঁতাতের কোনো সংশ্লিষ্টতা নেই।অনুষ্ঠানে আসা দর্শকদের অনেকেই বলেন, এতগুলো খুনের পরও কাদের মোল্লার ফাঁসি না হওয়ায় অন্যরাও খুন করতে উৎসাহিত বোধ করবে। কাদের মোল্লার কেন ফাঁসি হলো না, এমন প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, রায় দিয়েছেন আদালত। তিনি বলেন, বিচার অন্ধ। তবে বিচারক অন্ধ নন, তাঁর অন্ধ হওয়া উচিত নয়।সংলাপে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) এম হাফিজউদ্দিন আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এটা আটকে রাখার কোনো সুযোগ নেই। তবে ১৯৭২ সালে বঙ্গবন্ধু অপরাধীদের ক্ষমা করে আজকের অবস্থার সৃষ্টি করেছেন বলে তিনি দাবি করেন। এই বক্তব্যের পর একজন দর্শক হাফিজউদ্দিনকে উদ্দেশ করে বলেন, ‘আপনি মিথ্যা বলছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, লুট ও ধর্ষণের অভিযোগে কারাগারে থাকা ১১ হাজারের মতো ব্যক্তিকে ক্ষমা করেননি।’ পরে এর জবাবে হাফিজউদ্দিন বলেন, ওই ক্ষমার পর একই ছাতার নিচ দিয়ে অন্যরাও বেরিয়ে গেছে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হয়েছে বলেই মনে হচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে দলীয় ফোরামে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সংলাপে ব্লগার আরিফ জেবতিক বলেন, শাহবাগে যে সমাবেশ হচ্ছে তা যুদ্ধাপরাধীদের ফাঁসি দেবে না। গণজাগরণের কারণে সরকার আইন সংশোধন করতে যাচ্ছে। এই সমাবেশ চাপ সৃষ্টি করবে যেন কেউ রায় নিয়ে কারও সঙ্গে আঁতাত না করতে পারে।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইনবিষয়ক সম্পাদক তুরিন আফরোজ বলেন, সমাবেশ মানুষকে সচেতন করবে। ওয়ালিউর রহমানের প্রযোজনায় সংলাপটি সঞ্চালনা করেন বিবিসির সাংবাদিক আকবর হোসেন।